মির্জা ফখরুল পাকিস্তানের দালালি করছেন: ওবায়দুল কাদের

পাকিস্তান আমলের প্রশংসা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্লজ্জভাবে পাকিস্তানের দালালি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের দেশবিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অগ্রগতি, সাফল্য, উন্নয়ন ও অর্জন যখন বিশ্বব্যাপী প্রশংসিত তখন বিএনপি মহাসচিবের পাকিস্তান আমলের প্রশংসা করা অত্যন্ত দুঃখজনক।

‘এখনকার তুলনায় পাকিস্তান আমল নাকি ভালো ছিল’, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির চিরাচরিত বাংলাদেশবিরোধী অবস্থান ও স্বাধীনতাবিরোধী অপরাজনীতির গোপন অভিসন্ধির বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, পাকিস্তান পার্লামেন্ট ও গণমাধ্যমে যখন বাংলাদেশের অগ্রসরমান অর্থনীতির উচ্ছ্বসিত প্রশংসা করা হচ্ছে, তখন বিএনপি মহাসচিব নির্লজ্জভাবে পাকিস্তানের দালালি করছেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, স্বাধীন বাংলাদেশে যারা রাজনৈতিকভাবে এবং পারিবারিকভাবে পাকিস্তানি দর্শনের রাজনীতিকে লালন করে তারা স্বাধীনতার ৫০ বছর পর এখনও “পেয়ারে পাকিস্তান” মন্ত্র জপছে।

বিএনপি মহাসচিবের এ ধরনের বক্তব্য শুধু রাষ্ট্রদ্রোহিতার শামিলই নয়, ৩০ লাখ শহীদের রক্তের সাথে বেঈমানী বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.