চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার আয়োজনে প্যারিসের গত ৪ সেপ্টেম্বর রোজ রবিবার এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।

দেশের সাম্প্রতিক সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক অচলাবস্থা নিয়ে প্রবাসীদের ভাবনা ও করনীয় নিয়ে এই মত বিনিময় সভায় আলোচনা করা হয়। সভার সভাপতিত্ব করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার আহ্বায়ক নিলয় সূত্রধর সুমন এবং সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব তপু বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এড. কাজী আবদুল্লাহ আল মামুন এবং কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক মনসুর চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন বাসদ সমর্থক ফোরাম ফ্রান্স শাখার সমন্বয়ক মাসুক মিয়া মামুন, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম, চারণ সদস্য জুয়েল দাশ রায় লেনিন, রাজু আহমেদ, সদস্য ও নাট্যকর্মী সোয়েব মোজাম্মেল, সাবেক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কর্মী খালেদুর রহমান সাগর, ইমন শরীফ, এমদাদ হোসেন, এমদাদুল হক প্রমূখ।
প্যারিস ১৭ এলাকার চারণ সাংস্কৃতিক কেন্দ্রের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তারা প্রবাসে থেকে রেমিট্যান্স পাঠানো ছাড়াও দেশ নিয়ে তাদের ভাবনা, দায়িত্ব বোধ, আশা আকাঙ্ক্ষা ইত্যাদির নানা দিক তুলে ধরেন। আলোচনায় সাহিত্য, সাংস্কৃতিক, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক দমন নিপীড়ন বিষয়ে বক্তারা তাদের নিজ নিজ মূল্যায়ন তুলে ধরেন।
রাকিবুল ইসলাম, প্যারিস থেকে ।

