জাতীয় পার্টি কোনো জোটে নেই: জিএম কাদের

জাতীয় পার্টি (জাপা) কোনো জোটে নেই বলে মন্তব্য করেছেনে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, জাতীয় পার্টি কোনো জোটে নেই। গত নির্বাচনেও আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির কোনো জোট ছিল না শুধু কিছু আসনে নির্বাচনী সমঝোতা হয়েছিল। তখন আসনভিত্তিক আমাদের নেতা-কর্মীরা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। এ কারণে তাদের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে।

আজ শুক্রবার দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে হিন্দু মহাজোটের প্রতিনিধি সম্মেলনে জি এম কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ভালো কাজ করলে আমরা আওয়ামী লীগের সঙ্গে থাকতে পারি। কিন্তু আওয়ামী লীগ যদি গণমানুষের আস্থা হারিয়ে ফেলে, তাহলে ভবিষ্যতে আমরা তাদের সঙ্গে না-ও থাকতে পারি।

ইভিএম প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, দেশের মানুষ নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) চায় না। আমরা শুরু থেকেই ইভিএমের বিপক্ষে। কারণ, ইভিএম হচ্ছে শান্তিপূর্ণ কারচুপির মেশিন। ইভিএমে নির্বাচন হলে, যাকে খুশি তাকেই বিজয়ী করতে পারবে।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে জাপার চেয়ারম্যান বলেন, শান্তিপূর্ণ আন্দোলনেও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ দলীয় শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, সে যত বড় নেতাই হোক, যত প্রভাবশালী হোক অথবা যত অর্থবিত্তের মালিক হোক, কাউকে ছেড়ে দেব না।

প্রতিনিধি সম্মেলনে জাপার কো–চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বিশেষ অতিথি ছিলেন। দীনবন্ধু রায়ের সভাপতিত্বে সেখানে আরও বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারি গোস্বামী, মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী, জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.