ভ্যালেন্টাইন ডে
মধুবন চক্রবর্তী
কাল ভ্যালেন্টাইন্স ডে মনে আছে তোমার?
কিভাবে অভিবাদন জানাবে প্রিয়তমাকে? প্রিয়তমার চেয়েও কেউ প্রিয় আছে তোমার? বলেছিলে প্রিয়তমা ছাড়া তোমার পৃথিবী নাকি খা খা করে
অথচ আগেই চলে গেছে কিস ডে
তার আগে প্রপোজ ডে
তারও আগে হাগ ডে, রোজ ডে। কত কি কিংবা আরও কিছু
এতগুলো স্পেশাল ডে’তে
আমার জন্য একটিও আসেনি লাল গোলাপ
আসেনি কোনও প্রেম নিবেদনের আকার ইঙ্গিত
পাইনি একটিও রডোডেনড্রন মাখা ভোর
না এখনও আসেনি নীল খামে ভরা কোনও দীর্ঘ চুম্বন
পাইনি হোয়াটসঅ্যাপে কোনও ঘনিষ্ঠ সেলফি
বা প্রেমের কবিতার উত্তপ্ত কোনও দুপুর। রাত বারোটা বেজে গেল
কই কই, এখনও তো ঢুকল না
প্রেম দিবসের রঙিন মাছগুলো স্ক্রিনের দেওয়াল ছুঁয়ে। সত্যি তুমি ভালবাসো তো? নাকি প্রেমিকের ভান?
আমি তো ভেবেছিলাম প্রেমিকের মতো
এখন দেখছি, তুমি সত্যি প্রেমিক!

