রাবি শিক্ষার্থী হিমেলকে চাপা দেওয়া ট্রাকচালক আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলকে চাপা দেওয়া ট্রাকের চালক মো. টিটুকে (৪২) আটক করেছে পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গার থানার বালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ।

আটককৃত টিটু ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

ওসি মাসুদ পারভেজ বলেন, ‘টিটুকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হচ্ছে।’

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে দুর্ঘটনায় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত হন। তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.