৩ দিনের সফরে আজ ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতের রাষ্ট্রপতি সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতের রাষ্ট্রপতির এটাই হবে বাংলাদেশে প্রথম সফর।

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে স্বাগত জানাবেন। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন। জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। সেখান থেকে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পরিদর্শন করবেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ভারতের রাষ্ট্রপতি ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন উদযাপন ও বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সফর করবেন।

ঢাকা সফরকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ভারতের রাষ্ট্রপতি বৈঠক করবেন। ওই সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক ও একটি মিগ-২১ যুদ্ধবিমান বাংলাদেশকে উপহার দেবেন। এই ট্যাংক ও বিমান প্রদর্শনীর জন্য জাদুঘরে রাখা হবে।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের রাষ্ট্রপতির সাক্ষাৎ হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.