বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে পলাতক তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে মন্তব্য করে অনলাইন-অফলাইনে ব্যাপক সমালোচিত হয়েছেন সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। নারী অধিকারকর্মী থেকে শুরু করে সুশীল সমাজ, বিরোধী দলীয় রাজনীতিবিদ, এমনকি সরকার দলীয় অনেক নেতাকর্মীও বলছেন— এমন ‘অশালীন’ মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত প্রতিমন্ত্রীর। তবে প্রতিমন্ত্রী নিজে বলছেন, এই ইস্যুতে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
শুক্রবার (৩ ডিসেম্বর) এক লাইভ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কথা বলেন চলমান বিভিন্ন ইস্যুতে। ওই সময়ই জাইমা রহমানকে নিয়েও মন্তব্য করেন তিনি। মুহূর্তেই তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
প্রতিমন্ত্রীর বক্তব্যকে অভব্য, শিষ্টাচার বহির্ভূত, নারীবিদ্বেষী, কুরুচিপূর্ণ বলে অভিহিত করেছেন অনেকেই। সরকারের দায়িত্বশীল একটি পদে থেকে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়— এমনটি বলেছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও। সে কারণেই বক্তব্য প্রত্যাহার করে প্রতিমন্ত্রী যেন ক্ষমা চান— এমন দাবি উঠেছে।

