বস্তিতে টিকাদান শুরু মঙ্গলবার

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বস্তি এলাকায় বসবাসকারীদের টিকা দেওয়ার কার্যক্রম আগামীকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) শুরু হবে। রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের টিকা দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৫ নভেম্বর) মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারের পরিকল্পনা অনুযায়ী সবাইকে টিকার আওতায় আনা হবে। এর অংশ হিসেবে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।’

তিনি বলেন, ‘রাজধানীর কড়াইল বস্তিতে প্রায় ৩ লাখ মানুষ বাস করছেন। তাদের টিকা দেওয়া শুরু হবে কাল (মঙ্গলবার) থেকে। পর্যায়ক্রমে অন্য বস্তিগুলোতে টিকাদান কার্যক্রম চলবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন স্বস্তিদায়ক অবস্থায় আছে। আমরা করোনা সংক্রমণ মোকাবিলা করতে সক্ষম হয়েছি। মৃত্যুর সংখ্যা সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে।’

তিনি আরও বলেন, ‘এক মাস ধরে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা চাই, দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু শূন্যের কোটায় নেমে আসুক। সবাই মিলে একসঙ্গে কাজ করলে আশা করি দ্রুতই শূন্যে নেমে আসবে।’

টিকা কার্যক্রম প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘দেশে করোনার সংক্রমণ কমার অন্যতম কারণ হচ্ছে টিকা দেওয়া। আমরা ইতোমধ্যেই প্রথম ডোজ টিকা দিয়েছি ৫ কোটির বেশি মানুষকে এবং দ্বিতীয় ডোজ দিয়েছি ৩ কোটির বেশি মানুষকে। দেশে প্রতিদিন গড়ে ১৫ লাখ মানুষ টিকা পাচ্ছেন। নভেম্বর মাসে ৩ কোটি টিকা দেওয়ার পরিকল্পনা আছে। জানুয়ারি মাসের মধ্যে ৭০ ভাগ মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে ফাইজার, মডার্না, সিনোফার্মের ২ কোটি ৭৫ লক্ষাধিক ডোজ টিকা মজুদ আছে। দেশে টিকা উৎপাদন কার্যক্রমও শুরু করেছি। গোপালগঞ্জে টিকা উৎপাদন প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে অনেক দেশের তুলনায় ভালো আছি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.