দুই বাংলাদেশিকে হত্যা, যা বলল বিএসএফ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অন্তত দুই বাংলাদেশি নিহত হয়েছে।

আজ শুক্রবার ভোরের দিকে সীমান্তে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে এখন পর্যন্ত বিজিবি কিছু জানায়নি। দু’জনের মরদেহ এখনো সীমান্তের ভারতীয় অংশে পড়ে রয়েছে।

এ ব্যাপারে বিএসএফ বলছে, ২০২১ সালের ১২ নভেম্বর রাত ৩টায় বাংলাদেশ থেকে দুর্বৃত্তরা ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে এবং বাঁশের ‘সাঁকো’ বানিয়ে গবাদি পশু পাচারের চেষ্টা করে। বিএসএফ তাদের সতর্ক করে ফিরে যাওয়ার তাগিদ দেয়। কিন্তু দুর্বৃত্তরা বিএসএফ-এর সতর্কবার্তায় কর্ণপাত করেনি।

বিএসএফ দাবি করে, এরপর তারা (বিএসএফ) নন লিথাল অস্ত্র ব্যবহার করে। তাতেও সতর্ক হয়নি দুর্বৃত্তরা। উল্টো তারা বিএসএফ-কে লক্ষ্য করে লোহার দা ও লাঠি দিয়ে হামলা চালায়।

জীবনের ঝুঁকি বুঝতে পেরে বিএসএফ দুর্বৃত্তদের ওপর গুলি চালায়। পরে অনুসন্ধানে সীমান্ত বেড়া ও আন্তর্জাতিক সীমানার মধ্যে দুই অজ্ঞাত দুর্বৃত্তের মরদেহ পাওয়া যায়।

নিহতরা হলেন গোড়ল ইউনিয়নের মালগড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী।

গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম জানান, ওই দুই বাংলাদেশিসহ কয়েকজন ভারতীয় গরু আনতে সীমান্তে গেলে বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদুজ্জামান ও মোসলেম।

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান কয়েকজন রাখাল। ভোরে গরু নিয়ে ফেরার সময় সীমান্ত অতিক্রমকালে টহলরত ভারতীয় কোচবিহারের ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাতভাণ্ডারিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন ভাসানী ও ইদ্রিস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.