অর্থ মন্ত্রণালয়ের কাছে ঋণ খেলাপিদের তথ্য চাইলো ইসি

সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ঋণ খেলাপিদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ইসি’র উপ-সচিব মো. আতিয়ার রহমান ঋণ খেলাপিদের তথ্য চেয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে নির্দেশনা পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, ২০২১ সালের ২ নভেম্বর জাতীয় সংসদের ৬৭ সিরাজগঞ্জ-৬ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট আইন ও বিধি অনুসারে ঋণ খেলাপি ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হতে পারেন না। উল্লিখিত নির্বাচনে ঋণ খেলাপি ব্যক্তিরা মনোনয়নপত্র দাখিল করলে যাতে তাদের প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা যায়, তার জন্য আইনে নির্ধারিত সব ব্যাংক থেকে ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহ করা আবশ্যক।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের নাম, বাবা/মা/স্বামীর নাম ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক স্ব-উদ্যোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে সংগ্রহ করার জন্য এবং সে আলোকে বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহ করার জন্য নির্দেশনা দেওয়া প্রয়োজন।

বর্ণিতাবস্থায়, উল্লিখিত নির্বাচন উপলক্ষে ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা তার আগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে দেওয়া এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং অফিসারের দপ্তরে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টেবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ অক্টোবর, আপিল ১২-১৪ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.