শাকিব খানও বললেন ‘উড়ো খবর’

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার খবর সঠিক নয় বলে জানালেন শাকিব খান। কিছুদিন থেকেই চলচ্চিত্র পাড়ায় শোনা যাচ্ছিল এবার সভাপতি পদে লড়বেন ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ানখ্যাত এই চিত্রনায়ক।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘শিল্পী সমিতির কোনো নির্বাচনে আমি অংশ নিচ্ছি না। নির্বাচন নিয়ে ভাবছিও না। কেননা আমি মনে করি, সংগঠন দিয়ে কোনোভাবেই ইন্ডাস্ট্রি আগাবে না। সুতরাং এসবের মধ্যে আমি নেই।’

যদিও এর আগে টানা দুইবার শাকিব খান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সামনেই নির্বাচন। শাকিব খান-নিপূণ আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন- এমন খবর শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে শাকিব বলেন, ‘নিপুণ আমাকে বলেছিল রিয়াজ ভাইদের নিয়ে আমাকে রেখে নির্বাচন করতে চায়। কিন্তু তখনই আমি না করে দিয়েছিলাম। বলেছিলাম, নির্বাচন করলে পরপর দুবার নির্বাচিত হওয়ার পর তৃতীয় বারও করতাম। স্বেচ্ছায় যেহেতু সরে এসেছি আর এসবে নিজেকে জড়াতে চাই না।’

তবে নির্বাচন নিয়ে এখনও খোলাখুলি কিছু বলেননি নিপুণ। তিনি জানিয়েছেন শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হলে তখন বিস্তারিত জানাবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.