সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টিপাত

তাপমাত্রা বেড়ে যাওয়ায় সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বাড়তে পারে।

রোববার (১১ জুলাই) রাতে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরবর্তী পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসার এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল চলতি মাসে এক থেকে দু’টি লঘুচাপ সৃষ্টি হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এই অবস্থায় সোমবার (১২ জুলাই) সন্ধ্যা নাগাদ ময়মনসিংহ, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিমি বাতাসের গতিবেগ থাকতে পারে।

এদিকে, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায়, ৭৫ মিলিমিটার। ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৬৬ শতাংশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.