জাতীয় পতাকার গিনেস বুক রেকর্ড হবে গৌরবের : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, ‘বাংলাদেশের জাতীয় পতাকার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আমাদের জন্য অহংকার ও গৌরবের হবে, যা জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করবে, মর্যাদা সমুন্নত রাখবে।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার (২৪ জুলাই) রাজধানীতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কারুশিল্পী সাইমন ইমরান হায়দারের ১৬ হাজার খাম দিয়ে তৈরি ২৪০ বর্গমিটারের এযাবৎকালের সর্ববৃহৎ বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

২০ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের বিশালাকায় এই পতাকার গিনেস বুকের অফিশিয়াল স্বীকৃতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, ইতিহাসবিদ মুনতাসীর মামুন প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত লাল-সবুজের পতাকা জাতির শ্রেষ্ঠ অর্জন। এ পতাকা আমাদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করে, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। তারুণ্যের স্পর্ধিত অহংকার এ পতাকাকে পৃথিবীর পথে পথে তুলে ধরবে। বিশ্ববাসী অবাক বিস্ময়ে বলবে, শাবাশ বাংলাদেশ।’

মুরাদ হাসান বলেন, ‌‘তরুণ উদ্যোক্তা বলতে আমরা যা বুঝি, এই ইয়াং এন্টারপ্রেনার, এরা হচ্ছে- এই জেনারেশনের ছেলেগুলো আমাদের এন্টারপ্রেনার।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.