বাংলাদেশ জাতীয় দলের স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ পেতে চলেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি রঙ্গনা হেরাথ। ব্যাটসম্যানদের পরামর্শ দিবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স।
শনিবার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, জিম্বাবুয়ে সফর থেকেই টাইগারদের কোচিং দলে যোগ দেবেন হেরাথ। আইসিসি/এসএলসি’র স্পিন বোলিং লেভেল থ্রি কোচিং লাইসেন্স রয়েছে তার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে পাবে বাংলাদেশের স্পিন বিভাগ।
অন্যদিকে শুধু জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের সঙ্গে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন অ্যাশয়েল প্রিন্স। এর আগে দক্ষিণ আফ্রিকা এ দলেরও ব্যাটিং পরামর্শক ও অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন প্রিন্স।
১৯৯৯ সাল থেকে রঙ্গনা হেরাথ ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন লঙ্কানদের হয়ে। ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট তুলেছেন। মুত্তিয়া মুরালিধরনের পর দেশটির ইতিহাসে সাদা পোশাকে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ম্যাচে ৩৪ বার পাঁচ উইকেট তুলেছেন। নয়বার নিয়েছেন ১০ উইকেট।
৭১ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচ খেলেছেন। যথাক্রমে ৭৪টি ও ১৮ উইকেট নিয়েছেন হেরাথ।
২০০২ সালে প্রোটিয়াদের হয়ে অভিষেক হয় অ্যাশওয়েল প্রিন্সের। খেলেছেন ২০১১ সালে নিয়েছেন অবসর।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৬৬ ম্যাচে রান তুলেছেন ৩ হাজার ৬৬৫। গড় ৪১.৬৪। ১১টি শতক ও সমান সংখ্যক অর্ধশতক রয়েছে নামের পাশে। জাতীয় দলের হয়ে ৫২টি ওয়ানডে খেলেছেন প্রিন্স। ৩৫.১০ গড়ে হাজারে বেশি রান তুলেছেন। শতক না থাকলেও তিনটি অর্ধ শতক রয়েছে তার।

