স্বীকৃতি না দেয়া পর্যন্ত ইসরাইলে কোন বাংলাদেশী গেলে শাস্তি পেতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ইসরাইলকে দেশ হিসেবে স্বীকার করি না। তাই সে দেশে কোনো বাংলাদেশি গেলে তাকে শাস্তি পেতে হবে। আজ সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত ফিলিস্তিনকে ওষুধ সামগ্রী উপহার হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭২ সাল থেকেই আমরা তাদের পাশে থেকেছি। তিনি বলেন, আমরা ইসরাইলকে দেশ হিসেবে স্বীকার করি না। যতদিন আমরা স্বীকৃতি না দিচ্ছি, ততদিন কোনো বাংলাদেশি সেদেশে যেতে পারবে না। কোনো বাংলাদেশি সেখানে গেলে শাস্তি পেতে হবে।

ড. মোমেন বলেন, বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম পাসপোর্ট সংশোধন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। তবে ইসরাইল নিয়ে আমাদের অবস্থান খুব সুস্পষ্ট। ফিলিস্তিন নীতিতে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি। অনুষ্ঠানে ফিলিস্তিনকে ৪০ লাখ টাকা মূল্যের ওষুধ সামগ্রী উপহার দেওয়া হয়।
এসময় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.