স্বামীর বাইক থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্ত্রীর

স্বামীর মোটরসাইকেলে ঢাকায় আসছিলেন মনিকা আক্তার মৌ (২০) নামে এক গৃহবধূ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় অপর একটি মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মনিকা আক্তার মৌ রাজশাহী চারঘাট থানার চীরকুন্ডীর গ্রামের মো. আশিকুর রহমানের স্ত্রী।

বঙ্গবন্ধু সেতু থানার এসআই আব্দুল মজিদ জানান, গৃহবধূ মনিকা আক্তার মৌ সকালে রাজশাহীর চারঘাট থেকে স্বামীর মোটরসাইকেলে চড়ে ঢাকার উদ্দেশে রওনা হন। তারা মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এলে অপর একটি  মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মনিকা আক্তার মৌ মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটক করা যায়নি। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.