আত্মীয়র লাশ দেখতে গিয়ে লাশ হলেন ৫ জন

সিলেটে চাচাতো ভাইয়ের মরদেহ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসন্তান ও দুই আত্মীয়সহ নিহত হয়েছেন সাদিয়া বেগম নামের এক নারী।

আজ রোববার সেহরির সময় জৈন্তাপুরের রূপচেঙ গ্রামের সাদিয়া বেগমের চাচাতো ভাই মারা যান। এই খবর পেয়ে রোববার ভোরেই পরিবারের আরও ৬ সদস্যকে নিয়ে চাচাতো ভাইয়ের মরদেহ দেখতে দরবস্তের উদ্দেশে রওয়ানা দেন সাদিয়া। কিন্তু ভাইয়ের লাশ আর দেখা হয়নি। তার বদলে সড়কে লাশ হয়ে গেছেন নিজেরাই।

রোববার সকালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সাদিয়াসহ তার পরিবারের ৪ সদস্য। তাদের বাড়ি উপজেলার রূপচেঙ গ্রামে। এই দুর্ঘটনায় মারা গেছেন অটোরিকশা চালকও। রোববার সকাল সাড়ে ৬টার দিকে জেন্তাপুরের ফেরিঘাট এলাকায় সিলেট-তামাবিল সড়কে অটোরিকশাকে ট্রাক চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জৈন্তাপুরের রূপচেঙ গ্রামের সাদিয়া বেগম (৩৫), তার চার মাসের শিশু সন্তান শাহাদত হোসেন, মেয়ে সাবিয়া বেগম (৭), সাদিয়া বেগমের ননদ হাবিবুন্নেছা (৩৩) ও উপজেলার পাখিবিল গ্রামের অটোরিকশা চালক হোসেন আহমদ (৩৫)। দুর্ঘটনায় আহত হন নিহত সাদিয়া বেগমের ভাসুর মো. জাকারিয়া (৫০) ও ভাসুরের স্ত্রী হাসিনা বেগম (৪০)।

জাকারিয়া আহমদের ছেলে দেলোয়ার হোসেন জানান, এক আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়ে সবাই অটোরিকশাযোগে দরবস্ত যাচ্ছিলেন। ফেরিঘাট এলাকায় অটোরিকশাটি মহাসড়কে উঠার সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশা ধুমড়ে মুচড়ে যায়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দস্তগীর আহমেদ বলেন, ‘ঘটনাস্থলেই চারজন নিহত হন ও একজন হাসপাতালে নেওয়ার পথে নিহত হন। ঘটনাস্থলে নিহত হওয়া চারজনের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.