ফারুকের পাকস্থলীতে রক্তক্ষরণ

চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা ভালো নয়।

রক্তে ব্যাক্টেরিয়া জনিত সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় গত ২১ মার্চ থেকে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অন্যদিকে, আজ (৫ এপ্রিল) তার পাকস্থলীতে রক্তক্ষরণ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে রোশান হোসেন পাঠান। তিনি বলেন, “গত ২১ মার্চ থেকে বাবা আইসিইউতে আছেন। রক্তে সংক্রমণ মারাত্মক বেড়েছে। সর্বশেষ আজ পাকস্থলীতে ইন্টারনাল রক্তক্ষরণ হয়েছে। এর আগে গত ১৫ মার্চ খিচুনি শুরু হলে উনার মস্তিষ্কে একটি সিজার করা হয়। পরিবারের পক্ষে দেশবাসীর কাছে বাবার জন্য আমরা দোয়া চাই।”

উল্লেখ্য, গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল ফারুককে। এর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। দেশটিতেই তার রক্তে সংক্রমণ ও টিবি ধরা পড়েছিল।

চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার। এরপর তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে। চলচ্চিত্রের দীর্ঘ সফল ক্যারিয়ার পেরিয়ে এখন তিনি পালন করছেন ঢাকা-১৭ আসনের জনপ্রতিনিধির দায়িত্ব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.