বেবি কেয়ারে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু!

গাজীপুরের কাশিমপুরের বারেন্ডা এলাকায় একটি তৈরি পোশাক কারখানার বেবি কেয়ারে গরম পানিতে দগ্ধ হয়ে এক শিশু মারা যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে গরম পানিতে দগ্ধ হয়ে এক বছরের শিশু আয়েশা সিদ্দিকা। পরে আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা।

শিশুটির স্বজন ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর বারেন্ডা এলাকার মিতালী গ্রুপের গার্মেন্টসে অপারেটর পদে কাজ করেন শিশুটির মা রিয়া মনি। আর তার বাবা আজিবুর পাশের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার শালিখা দেওগ্রামে। কারখানার পাশের ঈসা মন্ডলের বাড়িতে ভাড়ায় বসবাস করে ওই পরিবার। বাড়ির পাশেই মিতালী গ্রুপের বেবি কেয়ারে গতকাল মঙ্গলবার সকালে গরম পানিতে দগ্ধ হয় শিশু আয়েশা সিদ্দিকা। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যায় শিশুটি।

শিশুর স্বজনদের অভিযোগ, কারখানায় কর্মরত শিশুটির মা রিয়া মনির সঙ্গে বেবি কেয়ায়ের দায়িত্বে থাকা কর্মচারী আরিফার সঙ্গে কয়েকদিন আগে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে গতকাল সকালে শিশুটির মাথায় গরম পানি ঢেলে দেয় আরিফা। এ ঘটনায় আরিফার বিচার দাবি করেন নিহতের পরিবার।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারখানা এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুর মহানগর ডিবি পুলিশের উপ-কমিশনার জাকির হোসেন বলেন, ‘শিশুটির ময়নাতদন্ত করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.