‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামে নতুন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি সরকারই করাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নুরকে অবাঞ্চিত ঘোষণা করে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামেই ২২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভিপি নুর এই মন্তব্য করেন।
নুর বলেন, এ নিয়ে আমাদের বলার কিছু নেই। আমরা গুরুত্ব দিচ্ছি না। এটা আসলে সরকারই করাচ্ছে। সরকারি দলের পৃষ্ঠপোষকতায় এরা আসলে এই কাজগুলো করছে।
কোটা সংস্কার আন্দোলনের সময় গঠিত ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে ভাঙন ও তাকে অবাঞ্চিত ঘোষণা করা প্রসঙ্গে ভিপি নুর বলেন, “প্রেসক্লাবে যারা সংবাদ সম্মেলন করেছে তারা আমাদের সংগঠনের কেউ না। আমরা লাইভে দেখেছি যে ওখানে যারা আছে তাদের একজন ‘চাকরির বয়সসীমা ৩৫’ এর আন্দোলনকারী, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক। কয়েকজনকে আমরা চিনিও না। ওখানে এ পি এম সুহেল ছাত্র অধিকার পরিষদে ছিল। কিন্তু গত মে মাসে তাকে সংগঠনের শঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে। কাজেই তারা সংগঠনের কেউ না।’
ভিপি নুর আরও বলেন, ‘আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ হিসেবে। সেই আন্দোলনের পরে যেহেতু আমরা একটি রাজনৈতিক প্রক্রিয়ার দিকে যাচ্ছি, সেখানে নামটি সংশোধন করে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ করেছি। এখন আগের নাম নিয়ে কেউ যদি দাবি করে সেটা আমাদের বিবেচ্য বিষয় না। তারপরও একজন সংগঠন করতেই পারে।’
এর আগে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও মুহাম্মদ রাশেদ খানকে ‘অবাঞ্চিত’ ঘোষণা করে ২২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে সংগঠনটি। পূর্বের ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামেই তারা নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন।
ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদ্যগঠিত নতুন কমিটির আহ্বায়ক এ পি এম সুহেল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘মূল লক্ষ্য ও উদ্দেশ্য হতে সরে গিয়ে মানুষের আবেগ ও বিশ্বাস নিয়ে নোংরা রাজনীতি করার সুযোগ নেই। সম্প্রতি ঢাবি শিক্ষার্থী ধর্ষণের মামলাকে নোংরা রাজনীতিকরণের অপচেষ্টার প্রতিবাদে সাংগঠনিক সংস্কার আনা হয়েছে।’
তিনি বলেন, ‘আর্থিক অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিকভাবে সংগঠন পরিচালনা, ত্যাগী ও দুঃসময়ের সহযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে অবমূল্যায়ন করা এবং সম্প্রতি ঢাবি শিক্ষার্থী ধর্ষণের মামলাকে নোংরা রাজনীতিকরণের অপচেষ্টার প্রতিবাদে সাংগঠনিক সংস্কারের উদ্দেশ্যে আজকের সংবাদ সম্মেলন।’

