করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবীর মৃত্যু

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৩৫ জন সদস্যের মৃত্যু হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে নিয়মিত আদালত চালুর অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি বরাবরে দেওয়া এক চিঠি থেকে এমন তথ্য জানা গেছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গত ১২ মার্চ থেকে এ পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত ছুটি এবং ভয়াবহ করোনা পরিস্থিতিতে দেশব্যাপী সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে দেশের সর্বোচ্চ আদালতসহ সারাদেশের আদালতগুলোতে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ রয়েছে।

এতে আরও বলা হয়, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এছাড়া এই সময়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৩৫ জন সদস্যের মৃত্যু হয়েছে। তাদের অনেকেরই করোনা উপসর্গ ছিল। এছাড়া দেশব্যাপী অনেক বিজ্ঞ আইনজীবী করোনার কারণে মৃত্যুবরণ করেছেন। অসুস্থ হয়েছেন শতাধিক আইনজীবী। একইসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিসহ নিম্ন আদালতের অনেক বিচারক, কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। নিম্ন আদালতের বিচারকের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এদিকে, মঙ্গলবার আইন মন্ত্রণালয় জানিয়েছে, অধস্তন আদালতের মোট ২১১ জন বিচারক ও কর্মচারী করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৪৪ জন বিচারক এবং ১৬৭ জন কর্মচারী। আক্রান্ত বিচারকদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ জন। লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ মৃত্যুবরণ করেছেন। মাগুরার জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অন্যরা বাসায় চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত কর্মচারীদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুইজন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.