সরকারবিরোধী প্রচারণা: দিপু মনির খালাত ভাই ডিএসই পরিচালক গ্রেফতার

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমনকে গ্রেফতার করেছে র‌্যাব। রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের র‍্যাবের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে রমনা থানায় সোপর্দ করা হয়।

তিনি শিক্ষামন্ত্রী দীপু মনির খালাত ভাই। ঢাকার পুঁজিবাজারের ব্রোকারেস হাউজে বিএলআই সিকিউরিটিজের কর্ণধার। মিনহাজের ভাই ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা জুলহাজ মান্নানকে ২০১৬ সালে জঙ্গিরা হত্যা করেছিল।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে জার্মানিতে থাকা ব্লগার আসিফ মহিউদ্দিন, সুইডেনে থাকা সাংবাদিক তাসনিম খলিলও রয়েছেন।

বুধবার ওই মামলায় কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক ও রাষ্ট্রচিন্তা’র দিদার ভুইয়াকে গ্রেফতারের পর মিনহাজকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, গতকাল বুধবার সন্ধ্যায় মিনহাজ মান্নান ইমনকে রমনা থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৩। ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে রমনা থানায়। সেই মামলার তিনি আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি জানান, একই সময় দিদারুল ভুইয়া নামে আরও একজনকে র‌্যাব হস্তান্তর করেছে। দিদারুল রাষ্ট্রচিন্তার ঢাকার সমন্বয়ক।

এর আগে মঙ্গলবার কার্টুনিস্ট কিশোরকে কাকরাইল ও লেখক মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল। এরপর তাদের রমনা থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, কার্টুনিস্ট কিশোর তার আমি কিশোর ফেসবুক অ্যাকাউন্টে দেশের করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন। আর মুশতাক তার ফেসবুক অ্যাকাউন্টে কিশোরের সেসব পোস্টের কয়েকটি শেয়ার করেছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.