ভ্যাকসিন না আসলেও সব সচলের ঘোষণা ট্রাম্পের

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিষেধক না আসলেও দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৫ মে) হোয়াইট হাউস থেকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। খবর সিএনএন।

ভ্যাকসিন তৈরিতে গতি বৃদ্ধির ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছেন, ‘আমি একটা বিষয় সবাইকে স্পষ্ট করতে চাই। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, ভ্যাকসিন আসুক কিংবা না আসুক আমরা স্বাভাবিক অবস্থায় ফিরবো। এবং আমরা এর প্রক্রিয়াও শুরু করে দিয়েছি।’

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আরও অনেক ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকসিন তৈরি হয়নি। ভাইরাস কিংবা ফ্লু এগুলো আসবেই, আপনাকে এর বিরুদ্ধে লড়াই করেই চলতে হবে।’ এ কথা বলে তিনি সব কিছু স্বাভাবিক করার ওপর জোর দিয়েছেন।

করোনাকে ভবিষ্যতের সঙ্গী করে চলার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমার ধারণা লোকেরা মাঝে মধ্যে, তবে আমরা এখনও ঠিক জানি না। মনে হয়, তারা ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারছে; অন্তত অল্প সময়ের জন্য হলেও। এটা হতে পারে জীবনের জন্য। তবে আপনাকে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতেই হবে।’

তবে বছরের শেষ নাগাদ করোনার ভ্যাকসিন তৈরি হবে বলেও আশাবাদী ট্রাম্প। বিশেষজ্ঞরা এখনই সব সচল করার বিরোধী। তাদের দাবি, এটা হলে ভাইরাসটি আরও ব্যাপকহারে ছড়িয়ে পড়বে। সমালোচকরা বলছেন, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন, তাই ঝুঁকি নিয়ে হলেও সব সচল করতে চাচ্ছেন ট্রাম্প।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই কোনো দেশ। দেশটিতে ১৪ লাখ ৮৪ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮৮ হাজার ৫০৭ মারা গেছে। সুস্থ হয়েছে ৩ লাখ ২৬ হাজারের বেশি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.