স্লোভেনিয়াতে প্রতিনিয়ত বেড়েই চলছে করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত রোগীর সংখ্যা, সর্বশেষ আজ সকাল স্থানীয় সময় নয়টায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৩১৯ জনের শরীরে কোভিড-১৯ খ্যাত নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের অস্তিত্ব মিলেছে গতকাল পর্যন্ত যে সংখ্যাটি ছিলো ২৮৩ জনে। এখন পর্যন্ত স্লোভেনিয়াতে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী মানুষের সংখ্যা সেই একজনেই, পাশাপাশি আজ সকালে স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে সকলকে নিজ ঘরেই কোয়ারান্টাইনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং খুব বেশী প্রয়োজন না হলে কাউকে ঘরের বাহিরে না যাওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। রাস্তা-ঘাঁটে কিংবা পাবলিক প্লেসগুলোতে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষহ থেকে বলা হয়েছে যে কোনও উন্মুক্ত স্থানে একই সাথে নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে যদি একাধিক লোকের জনসমাগম হয় তাহলে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ৪০০ ইউরো করে জরিমানা করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ১৬ই মার্চ, ২০২০ থেকে সরকারি নির্দেশ মোতাবেক সকল ধরণের শিক্ষা-প্ৰতিষ্ঠান, রেস্টুরেন্ট ও বার বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল ধরণের বাস, ট্রেন ও ট্যাক্সি সার্ভিস। কেবলমাত্র ব্যাংক, পোস্ট অফিস, পেট্রোল স্টেশন, হাসপাতাল, ফার্মেসি, সুপার মার্কেট, খাবারের দোকান অর্থাৎ নিত্য প্রয়োজনীয় সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সকল প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রয়েছে. এছাড়াও লুবলিয়ানাতে অবস্থিত ইয়োজে পুচনিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেও কোনও ফ্লাইট ছেড়ে যাচ্ছে না পরিস্থিতির উন্নতি না ঘটা পর্যন্ত। পার্শ্ববর্তী রাষ্ট্র ইতালির মতো হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়ার সাথেও স্লোভেনিয়ার সীমান্ত সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।

রাকিব হাসান রাফি/ শুদ্ধস্বর ডটকমের স্লোভেনিয়া প্রতিনিধি ।

