রাতে হঠাৎ টর্নেডো, অর্ধশত ঘরবাড়ি লণ্ডভণ্ড

হঠাৎ টর্নেডোর আঘাতে প্রায় অর্ধশত ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কমলাবাড়ি ইউনিয়নের বাদিয়া চওড়া গ্রামে এ টর্নেডো আঘাত হানে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, টর্নেডোর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিন। তারা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই ঘন মেঘে ছেয়ে যায় ওই এলাকার আকাশ। এর কিছুক্ষণ পরই শুরু হয় ঝড়-বৃষ্টি। এক পর্যায়ে হঠাৎ চওড়া গ্রামে টর্নেডো আঘাত হানে। এতে মুহূর্তেই প্রায় অর্ধশত বসতবাড়ি, গাছপালা ও সবজি বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় অনেকের ঘরের মূল্যবান জিনিসপত্র উড়ে যায়। এছাড়া বৃষ্টিতে নষ্ট হয়ে যায় শিক্ষার্থীদের বইখাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র।

এ ব্যাপারে আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মফিজুল ইসলাম বলেন, হঠাৎ টর্নেডোর আঘাতে চওড়া গ্রামের ৩৬টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭টি পরিবারে সম্পূর্ণ ও ২৯টি পরিবারের বসতবাড়ি আংশিক ক্ষতির শিকার হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তাদেরকে পুনর্বাসনে ত্রাণ মন্ত্রণালয় থেকে সহায়তা করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.