জার্মান অর্থনীতিকে চাঙ্গা করতে ৭৫ হাজার কোটি ইউরো মূল্যের একগুচ্ছ পদক্ষেপ

করোনা ভাইরাসের প্রসার রুখতে আরও কড়া পদক্ষেপের পর জার্মানির সরকার অর্থনীতিকে চাঙ্গা করতে ৭৫ হাজার কোটি ইউরো মূল্যের একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা করেছে৷

বহু বছর ধরে নতুন করে সরকারি ঋণ না নিয়ে উদ্বৃত্ত বাজেট পেশ করে গেছেন জার্মানির একের পর এক অর্থমন্ত্রী৷ কিন্তু করোনা ভাইরাসের থাবা সেই গর্ব ছিনিয়ে নিলো৷ সংকটের সময়ে অর্থনীতি চাঙ্গা করতে সরকার ১৫,৬০০ কোটি ইউরোর ঋণ নেবার সিদ্ধান্ত নিলো৷ সাহায্য তহবিলসহ একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে জার্মানির মন্ত্রিসভা৷ জার্মানির ইতিহাসে এর আগে এত বড় অঙ্কের সরকারি সহায়তা দেখা যায় নি৷ শুধু তাই নয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত অবিশ্বাস্য গতিতে কার্যকর করতে বুধবার সংসদের নিম্নকক্ষ ও শুক্রবার উচ্চকক্ষে ভোটাভুটি হবে৷

করোনা সংকটের ফলে বিপর্যস্ত প্রায় সব মহলই এই অর্থনৈতিক সহায়তার ফলে উপকৃত হবে বলে সরকার দাবি করছে৷ যেমন ছোট আকারের কোম্পানি থেকে শুরু করে স্বনির্ভর ব্যক্তিরা কমপক্ষে তিন মাসের জন্য ১৫ হাজার ইউরো পর্যন্ত সরাসরি ভর্তুকি পাবেন৷ বড় কোম্পানিগুলি এক বিশেষ তহবিল থেকে মূলধন সংগ্রহ করতে পারবে৷ এমনকি জরুরি প্রয়োজনে সরকার সরাসরি কোম্পানির আংশিক মালিকানা নিতে এগিয়ে যাবে৷ আপাতত অর্থের সংকট মেটাতে সরকারের পুনর্গঠন ব্যাংক চটজলদি সহায়তা দিতে পারবে৷ সংকটের কারণে কর্মী ছাঁটাই এড়াতেও সরকার সরাসরি সহায়তা করবে৷

সাধারণ মানুষের সমস্যা কাটাতেও সরকার কিছু ঘোষণা করেছে৷ যেমন এক জরুরি আইনের বলে আয়ের অভাবে বাসাভাড়া মেটাতে না পারলেও মালিক ভাড়াটেদের তাড়াতে পারবে না৷

সরাসরি অর্থনৈতিক সাহায্যের পাশাপাশি সরকার স্বাস্থ্য পরিষেবা কাঠামো চালু রাখতেও কিছু পদক্ষেপ নিচ্ছে৷ হাসপাতাল কর্তৃপক্ষের জন্য সরাসরি আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু সুবিধা দেওয়া হবে৷ এই দুঃসময়ে হাসপাতালের উপর চাপ কমাতে এই সব পদক্ষেপ স্বাস্থ্য পরিষেবার উপর চাপ কমাবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান৷

সার্বিকভাবে বিভিন্ন ক্ষেত্রে সরকারের তৎপরতা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷ তবে রোব্যার্ট কখ ইনস্টিটিউট সরকারি বিধিনিয়ম কার্যকর করার উপর আরও জোর দিচ্ছে৷ দুইয়ের বেশি মানুষের সমাবেশ ও অন্যান্য নিয়মভঙ্গ বন্ধ করতে আরও কড়া পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সূত্র, ডয়েচে ভেলে ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.