স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সুবর্ণসুযোগের সোপানে জামায়াত !

মার্শাল্লাহ্ বলে শুরু করাটাই উতম । কেননা যে দলটির হৃদয়ে সেই ৭১ এর পূর্ব থেকেই ক্ষঞ্চিত হয়ে আছে পাক পবিত্র পাকিস্তানের আদর্শ, পাকিস্তান বলতেই যাদের হৃদয়ে আজ অব্দি রক্তক্ষরণ হয়, পাকিস্তানকে আজও যারা স্বপ্ন দেখে, যাদের সাথে আছে আজও পাকিস্তান ! তাদের ক্ষেত্রে মার্শাল্লাহ্ই যায়। যদিও মার্শাল্লাহ্ শব্দটি  পাকিদের নয়, অহরহ ব্যবহারিক ভবিষ্যতে সফলতার কামনা, তাতে কি? সুযোগের সন্ধানে, চেষ্টায় ব্রত, যুদ্ধ জয়ী স্বাধীন দেশের রক্তে ক্ষঞ্চিত পতাকায় সামিল হবার প্রচেষ্টা, এটাতো আর চাট্টিখানি কথা নয়। দেশ জন্মের পঞ্চাশ বছর হবে, হৃদয়ে যতই পাক পাকিস্তান থাকুক, তারপরেও উপায়তো এই দেশে বসেই বের করতে হবে। সুতরাং প্রথমেই সাধুবাদ জানাই।

প্রথমেই বলা ভালো জামায়াত নিয়ে বলা মানেই সেই পুরোনো কাসুন্দি নতুন করে চটকানো। সাধুবাদ লেখার শুরুতেই দিলাম, কেননা এটা ভালো উপলব্ধি । অন্তত এতদিন পরে হলেও বিবেকের ঘরে আলো জ্বলেছে। স্বাধীন দেশের সুবর্ণজয়ন্তী পালন করে  স্বাধীনতার মিছিলে সামিল হবার।  যদিও এই জামায়াত নামক দলটি ইতিপূর্বেও বিজয় দিবস/স্বাধীনতা দিবসগুলো অন্তত লোক দেখানো বা রাজনৈতিক কৌশলের কারণে মোনাজাত পার্টি করে পালন করেছে।  তবে কখনো সত্যি অর্থেই পালন করেছে কিনা? সেটা একটা বড় প্রশ্নতো বটেই। সত্যি অর্থে পালন বলতে অন্য আরো দশটি দল যেভাবে সম্মানের সাথে পালন করে, সেভাবেই পালন করবে কিনা ? নাকি সবই হবে ভবিষ্যতের রাজনৈতিক ভাবনা মাথায় রেখে, ফয়দা লুটবার ইচ্ছা থেকে, রাজনৈতিকভাবে আরো সুপ্রতিষ্ঠিত হবার ধান্দা  থেকে,  ভাঁওতাবাজির সোপান দিয়ে উপরে উঠার চেষ্টা মাত্র । সময়েই তা জনমানুষ নিশ্চয়ই বুঝতে পারবে।

20200207_093149.jpg

প্রশ হলো জামায়াত নামক দলটির কি সত্যি সত্যি এই স্বাধীন দেশে এমন সুবর্ণজয়ন্তী পালন করার অধিকার রাখে ? আমার নিজস্ব ব্যাখ্যায় উত্তর হলো সরাসরি না । কেননা যে দলটি এই স্বাধীন দেশের এত বছর পরেও নিজেদের ভুল স্বীকার না করা, জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করা, সেই দল কোনো অবস্থাতেই এই রক্তক্ষয়ী স্বাধীন দেশে রাজনীতি করার অধিকার রাখতে পারে না । কেননা এই জামায়াত নামক দলটির কল্যাণেই জামায়াতের পাক পাকিস্তান এই দেশে বেশি রক্তক্ষরণ ঝরাতে সার্থক হয়েছিলো। জামায়াত সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছিলো। পাক মিলিট্যান্টদের সমর্থকগোষ্ঠী হিসেবে নিজেরাই এই মাটির মানুষদের হত্যা করেছিলো। সেই রক্তমাখা হাত নিয়ে জামায়াত এই দেশে রাজনীতি করার অধিকার রাখতে পারে না ।

জানি উপরের কথাগুলো সবার জানা কথা । অনেক তর্কাতর্কি এই জামায়াতকে নিয়ে এই দেশে হয়েছে। এই জামায়াতকে নিষিদ্ধ করা ছিলো। সুযোগ সন্ধ্যানী জামায়াত সেই নিষেধাজ্ঞা পেড়িয়ে এই দেশের মাটিতে ঠিকই শক্তভাবেই টিকে আছে। কতটা শক্ত? সেটা আমাদের তথাকথিত গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলোর জামায়াত নামক দলের সাথে রাজনৈতিক কর্ম দেখলেই তা অনুমান করা যায় । স্বাধীনতার পক্ষের   গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নিজেদের আদর্শকে বিকিয়ে দিয়ে, সামান্য কিছু ভোটের খোঁজে এই জামায়াতকে নিয়ে কত কিছুই না রাজনীতিতে করেছে ! কেউ হয়তোবা একেবারেই হাতে হাত রেখে শপথ নিয়ে পথ চলেছে। আবার কেউ হয়তো বা পাশে নিয়ে হেঁটেছে ! সেই পথ চলার ফাঁক দিয়ে জামায়াত তাদের ভিত্তি শক্তিশালী করতে কোনো প্রকার ভুলই করেনি ।রাজনীতিতে এই জামায়াত হলো সব চাইতে বড় সুযোগ সন্ধানী এবং চতুর দল।  এরা এই স্বাধীন দেশে পূর্ব থেকেই সুঁই হয়ে ঢুকে আছে, ধীরে ধীরে ফলায় পরিণত লাভ করেই চলছে। দেখা যাবে আমাদের গণতান্ত্রিক দলগুলোর ভুলের মাশুল হিসেবে এই জামায়াত একদিন সত্যি সত্যি ফলা হয়েই জাতিকে বিঁধিয়েই ছাড়বে। বর্তমানে এত কঠিন রাজনীতির মাঝেও তাদের কর্ম তারা সঠিক পথেই করে যাচ্ছে বলেই প্রতীয়মান হয়। অনেক উদাহরণ দেওয়া যাবে।

যারা মনে করেন জামায়াত নামক দলটি দূর্বল হয়ে গেছে, তাদের উদ্দেশ্য বলছি , এরা এতটাই চতুর প্রকৃতির দল যে, এরা যতটা নিরবতা পালনে করছে, তলে তলে ঠিক ততটাই শক্তি  অর্জন করেই চলছে। ধর্মের দূর্বলতাকে এরা শতভাগ ব্যবহার করে ঠিকই তাদের নিজেদের পথেই এগিয়ে যাচ্ছে। যারা এদের রাজনৈতিক কর্মকে ইনিয়ে বিনিয়ে সমর্থন করেন ( বুঝে বা না বুঝে), যারা জামায়াতের নতুন প্রজন্মের প্রতি অনুকম্পা প্রদর্শন করেন, তাদের জানা উচিত, এগুলো সবই ওদের রাজনৈতিক কৌশল বিহীন আর কিছুই না ।

নতুন প্রজন্ম, যারা স্বাধীন দেশের নাগরিক জন্মসূত্রে, তারা এখন  জামায়াতের আদর্শের প্রধান ঢাল। যুক্তি হলো এই প্রজন্মতো ৭১ পরবর্তী প্রজন্ম। এদের স্বাধীনতা যুদ্ধের সাথে আবার কি সম্পর্ক? এখানে স্পষ্ট করে বলা দরকার, অবশ্যই সম্পর্ক আছে এবং বলিষ্ঠতার সাথেই আছে। এই নতুন প্রজন্মের প্রায় অধিকাংশই পুরানোদের রক্তের ঐশ্বর্য । জামায়াত পরিবারের বংশধর এবং কিছু তাদের খপ্পরে পরে একেবারেই নতুনের আগমন আছে। আমি বলছি না, এদের রাজনৈতিক কর্ম করার অধিকার নেই। অবশ্যই আছে, তবে কোনো অবস্থাতেই জামায়াত নামক রাজনৈতিক দল করার অধিকার থাকা উচিত নয়। কেননা বিষয়টি জলের মতন পরিষ্কার । যে জামায়াত আজ অব্দি তাদের ভুলের প্রায়শ্চিত্ত করে না, জাতির নিকট ক্ষমা প্রার্থনা করে না, নিজেদের ভুল আদর্শের বিসর্জন দেয় না, এখনও যুক্তি খুঁজে পায় বা দেখাতে চায় স্বাধীনতার বিরোধিতার কারণ ও রাজনৈতিক আদর্শ ! তাদেরকে রাজনৈতিক দল হিসেবে এই যুদ্ধ জয়ী স্বাধীন দেশ গ্রহণ করতে পারে না  এবং করা উচিত নয়।

হয়তো এমন কথার পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তুলবেন, তাহলে জামায়াতকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না ? যা কিনা দেশে দীর্ঘদিনের প্রশ্ন । আমিও সেই প্রশ্ন তুলতে চাই। তার আগে নিষিদ্ধ না করার জন্য কেবল কি আওয়ামী লীগকেই দায়ী করে পাড় পাওয়া যাবে ? দায়িত্বটা কি কেবলি আওয়ামী লীগের? হ্যাঁ ক্ষমতার চেয়ারে প্রায় এক যুগ আওয়ামী লীগ আছে। তাদের উচিত জামায়াতকে অবশ্যই নিষিদ্ধ করা। বিপরীতে দেশের অপ্রত্যাশিত রাজনীতির কারণেই কি আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করতে পারছে না , সেটাও ভাববার বিষয় বটে। বিএনপির সাথে ইদানিংকালে জামায়াতের সখ্যতা একটু কমই চলছে। কিছুদিন পূর্বে বিএনপির বড় বড় নেতাদের বলতে শুনেছি, জামায়াত একটা ভন্ড ও দালাল প্রকৃতির সুবিধাবাদী রাজনৈতিক দল । এমনকি যুদ্ধাপরাধী দল। বিএনপি মাঝে মাঝে তাদের নিজেদের রাজনৈতিক কৌশলের ফয়দা লুটতে আওয়ামী লীগের ঘাড়ে বন্দুক রেখে জামায়াতকে গুলি করার কথা বলে । বিএনপির ভাবটা এমন যেন ‘সাপও মরবে, লাঠিও ভাংবে না ‘! বিএনপির ভাবনা জামায়াতকে আওয়ামী লীগ দিয়ে নিষিদ্ধ করাতে পারলে অন্তত জামায়াত তাদের ভোটগুলো বিএনপির নিকট জমা রাখবে। সুতরাং রাজনৈতিক লাভ বিএনপির বেশি হবে । এই হলো জামায়াত সমন্ধে বিএনপির বলিষ্ঠ ভাবনা । এর বেশি কিছু না বলেই মনে হয়।

তবে এখানে স্পষ্ট করে বলা ভালো যে, যুদ্ধাপরাধীদের বিচার করে আওয়ামী লীগ যেভাবে জনমানুষের সমর্থন পেয়েছে, আমি মনে করি জামায়াত নামক দলটিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষতি তো হবেই না, বরং লাভবান হবে বেশি। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠে বিএনপি কেন ঘোষণা দিয়ে জামায়াত ছাড়ছে না ? এই সাহসটি বিএনপি দেখাতে পারে না কেন ? অনেকেই ভাবছেন কারণ বিএনপি জামায়াতকে ঘোষণা দিয়ে ছেড়ে দিলেই আওয়ামী লীগ জামায়াতকে ফন্দি ফিকির করে নিজেদের সাথে রেখে দিবেন। হয়তো আওয়ামী লীগ রাজনৈতিক কৌশলে সেটা করবে । তবে এ কথাও সত্য আওয়ামী লীগ জামায়াতকে ঘোষণা দিয়ে সাথে নিতে পারবে না, পাশাপাশি ঘাড়েও তুলে রাখার মতন সাহস দেখাতে পারবে না । বরং উল্টো হবার সম্ভাবনাই বেশি থাকবে। আওয়ামী লীগ সুযোগ পেলে জামায়াতকে পুরোটাই হজম করার কৌশল গ্রহণ করবে, যেমনটি জাতীয় পার্টিকে হজম করেছে। সেই কারণেই জামায়াতও বিএনপির ঘোষণা এলে আওয়ামী লীগ থেকে শত হাত দুরেই থাকার চেষ্টা করবে। সেই সূত্রে বলাই যায় জামায়াত নিষিদ্ধ করা মোটের উপর একেবারেই সহজ রাজনৈতিক কৌশল, আফসোস  সেটা আজও হয়ে উঠছে না ।

জামায়াতের সুবর্ণজয়ন্তীর পালনের ভাবনায় আসি। আমি মনে করি স্বাধীনতার নেতৃত্বদানকারি দল আওয়ামী লীগের উচিত অচিরেই সাহস করে ঘোষণা করা যে, জামায়াত যতক্ষণ পর্যন্ত তাদের অতীত কর্মের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করবে, তাদেরকে দেশের সুবর্ণজয়ন্তী পালন করার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে সরকার এখানে সরকারি শক্তির প্রদর্শন করে হলেও জাতির সার্থেই জামায়াতের সুবর্ণজয়ন্তী পালনে বাঁধা দেওয়া উচিত। এমনকি আইন আদালতে জামায়াতের বিষয়ে জরুরি সুরাহা চাওয়া উচিত। সরকারের ভাষায় আইন আদালত সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীন প্রতিষ্ঠান । সরকার সেই স্বাধীন প্রতিষ্ঠানকে প্রায়শই যেভাবে অস্বাধীন করে আদালতের সুরাহা নিজেদের সার্থে কাজে লাগায়, ঠিক সেই পদ্ধতি গ্রহণ করে হলেও জাতিকে জামায়াত নামক বিষাক্ত রাজনীতি থেকে মুক্ত করা প্রয়োজন । দয়াকরে এখানে আবার কেউ অতি গণতান্ত্রিক হয়ে গণতন্ত্র সেখাতে আসবেন না। কেননা আমি যা বলছি বা লিখছি, সেটা নিজের স্বজ্ঞাণের বুঝের ভিতর দিয়েই লিখছি। কেননা আমি ব্যক্তিগতভাবে মনে করি, জামায়াত নামক দলটির এই স্বাধীন দেশে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত কোনো রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।  আচ্ছা আদালত নিজেই কেন সুমটো দিয়ে জামায়াতকে নিষিদ্ধ করে না ! সেটাও বুঝবার বিষয় বটে। স্বাধীন প্রতিষ্ঠান আদালত হয়তো এতদিনে একটা সুমটো দিতো, তবে সমস্যাটি সেই গোড়ায়, স্বাধীন হলেও একটা গ্রীনসিগন্যালের দিকেই চেয়ে থাকতে হয় !

লেখার শেষে বলবো, দেশের সুবর্ণজয়ন্তীতে জামায়াত নামক দলটির জাতির কাছে ক্ষমা চাওয়ার একটি সুবর্ণসুযোগও বটৈ। এখন সামনে দেখবার বিষয় জামায়াত নামক বিষাক্ত দলটি সেই সুবর্ণসুযোগটি সত্যি সত্যি গ্রহণ করে নিজেদের পুতঃপবিত্র করে কিনা ?

20190210_195317

বুলবুল তালুকদার 

সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডট কম ।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.