আবরার হত্যায় জড়িত ছেলের ‘দুশ্চিন্তায়’ বাবার মৃত্যু

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যায় জড়িত (৫ নম্বর আসামি) ইফতি মোশাররফ সকালের বাবা ফকির মোশাররফ হোসেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫। গতকাল শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৩টার দিকে তিনি মারা যান।

ছেলের ‘দুশ্চিন্তায়’ অসুস্থ হয়ে গতকাল শনিবার গভীর রাতে তার মৃত্যু হয় বলে ইফতির পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। নিহত ফকির মোশাররফ হোসেন রাজবাড়ী শহরের পৌর এলাকার ১নং ওয়ার্ডের ধুনচি গ্রামের ২৮ কলোনি এলাকার মৃত ফকীর আব্দুল জলিলের ছেলে।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি ঢাকার আদালতে ছেলে ইফতির শুনানির দিন ছিল। ওই দিন ছেলের শুনানিতে মোশাররফ হোসেন ঢাকায় গিয়েছিলেন। ঢাকা থেকে বাড়ি ফেরার পর থেকেই ছেলের জন্য দুশ্চিন্তা করতে থাকেন তিনি। শনিবার রাতে হঠাৎ করে নিজ বাড়িতে স্ট্রোক করেন মোশাররফ হোসেন। সেখান থেকে দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে তিনি মারা যান।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.