নিজে বেঁচে গেলেও তিন বান্ধবীর গণধর্ষণ দেখতে হলো স্কুলছাত্রীর

টাঙ্গাইলে গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণিতে পড়ুয়া তিন ছাত্রী। পাহাড়ে বেড়াতে গিয়ে রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাতকুয়া পাহাড়ি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় সোমবার (২৭ জানুয়ারি) সকালে অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এলাকাবাসী জানায়, টাঙ্গাইলের ঘাটাইল এসই বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান ছিল। এ সময় ওই বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রী বিদ্যালয়ে এসে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুর দেড়টার দিকে তারা ঝড়কা এলাকায় গেলে সেখানে তাদের সঙ্গে যোগ দেয় বন্ধু হৃদয় ও শাহীন। পরে তারা আশিক নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশায় করে সাতকুয়া এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের উত্তর-পশ্চিম দিকে ঘুরতে যায়। এ সময় পাঁচ-সাতজন ব্যক্তি তাদের ঘিরে ফেলে। তারা জানায়, ওই অজ্ঞাতব্যাক্তিরা হৃদয় ও শাহীনকে মারধর করে তিন স্কুলছাত্রীকে ধর্ষণ করে। সম্পর্কে একজনকে ভাগ্নির মতো মনে হলে তাকে ধর্ষণ করা থেকে বিরত থাকে। দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।

মামলা সূত্রে আরও জানা যায়, সন্ধ্যার পরে তাদের ছেড়ে দিলে ওই চার ছাত্রী সেখানে তাদের একজনের নানীর বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে মোবাইল ফোনে অভিভাবকদের বিষয়টি জানানো হলে তারা থানা পুলিশকে জানান। এরপর পুলিশ চার স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় আজ সোমবার এক স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে মামলা করেন। নির্যাতনের শিকার ছাত্রীদের ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.