অ্যাডভোকেট আনসার খান:ইরান-আমেরিকার মধ্যে দীর্ঘ মেয়াদে চলে আসা সংঘাতপূর্ণ অবস্থা বিরাজমান থাকাবস্থায় আমেরিকান সশস্ত্র বিমান হামলায় ইরানী এলিট ফোর্স আল কুদস কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি-যাঁকে ইরানের শীর্ষনেতা খামেনীর পরেই শক্তিশালী নেতা হিসেবে ইরানে গণ্য করা হয়ে থাকে, সেই শক্তিমান জেনারেলকে হত্যা করে আমেরিকা যেমন ন্যাক্কারজনক, অমানবিক ও আন্তর্জাতিক নীতি-নৈতিকতার পরিপন্থী কাজ করেছে, তেমনি এর মধ্য দিয়ে উভয় দেশের চলমান বৈরীতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে।
অস্বাভাবিক-আচমকা হামলা চালিয়ে একজন শীর্ষ জেনারেল সোলাইমানিকে হত্যা করায় ইরানে এর প্রতিক্রিয়া হয়েছে অত্যন্ত প্রবল ও ব্যাপক। আবার আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র ঘৃণাপূর্ণ প্রতিক্রিয়া হয়েছে। এ আক্রমণ ও হত্যাকান্ড বিশ্ববাসীকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেবে বলে মনে করা হচ্ছে এ কারণে যে, দেশ দু’টির মধ্যে এমনিতেই প্রক্সিযুদ্ধ চলে আসছে মূলতঃ ১৯৭৯ সালের ইরানের ইসলামী বিপ্লবের পর থেকেই। দীর্ঘ এ সময়কালের বৈরিতার মধ্যে দেশ দু’টি সামনাসামনি যুদ্ধে জড়িয়ে পড়ারও অবস্থার সৃষ্টি হয়েছিলো; তবে সেটা হয়নি যেমন সত্য; তেমনি এটাও সত্য যে, প্রক্সিযুদ্ধ থামেনি কখনো। এরূপ এক বৈরিতাপূর্ণ সম্পর্ক বিরাজমান থাকাবস্থায় শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করার ঘটনা ইরান বিনা চ্যালেঞ্জে যেতে দেবে না বলেই মনে করা হচ্ছে এবং তাই যদি হয়-সেক্ষেত্রে তার পরিণতি সম্মুখ কনভেনশনাল যুদ্ধের দিকে ধাবিত হবে-যার পরিণতি হবে ভয়াবহ।
জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকান্ড ইরানের ওপর কী বিরূপ প্রভাব সৃষ্টি করেছে এবং ইরানীরা সোলাইমানি হত্যাকান্ডকে কীভাবে দেখছে বা মূল্যায়ন করেছে তা অনুধাবন করা যায় ইরানী রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি-যাকে ইরানের শীর্ষ নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সরকারীভাবে, সেই শীর্ষনেতা আয়াতুল্লাহ খামেনী এই বলে অভিমত ব্যক্ত করেছেন যে,-সোলাইমানি হত্যাকান্ড আমার ওপর আক্রমণ।’
আয়াতুল্লাহ খামেনীর এরূপ মন্তব্যের মধ্যে সোলাইমানির গুরুত্ব ইরানে কতটুকু সেটা প্রকাশিত হয়েছে। আবার এটাও অনুমিত হয়েছে ইরান কী পরিমাণ গুরুত্ব দিয়ে সোলাইমানি হত্যাকান্ড গ্রহণ করেছে।
সোলাইমানি হত্যাকান্ড মানে শীর্ষনেতা আয়াতুল্লাহ খামেনীর ওপর আক্রমণ-এ ধরনের মন্তব্যের মধ্য দিয়ে এ অনুভূতিই প্রকাশিত হয়েছে যে, এ ধরনের আক্রমণ এবং হত্যাকান্ডের মাধ্যমে আমেরিকা ইরানের জাতীয় মর্যাদার ওপর আঘাত করেছে এবং এর ফলে ইরানের রাষ্ট্রীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।
আমেরিকানদের এরূপ আক্রমণ ও হত্যাকান্ডের মধ্য দিয়ে ইরানের শক্তিমত্তা ও সশস্ত্র বাহিনী এবং এলিট ফোর্সের শক্তি সামর্থ্যরে বিষয়টাকে প্রশ্নের মুখে, সন্দেহের দিকে ঠেলে দিয়েছে; ইরানের জাতীয় নিরাপত্তার বিষয়টা হুমকির মধ্যে ফেলে দিয়েছে। তাই ইরানের জাতীয় নিরাপত্তা, এলিট ফোর্স ও সশস্ত্র বাহিনী ও সামরিক শক্তির বিষয়টা গুরুত্বহীন হওয়ার আশংকা দেখা দিয়েছে। আমেরিকার বিরুদ্ধে ইরানের এতদিনকার কথা-বার্তা, হুমকি-ধামকি বাগাড়ম্বরপূর্ণ মনে হতে পারে বিশ্ব পরিমন্ডলে।
সোলাইমানি হত্যাকান্ড মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব হ্রাস-বৃদ্ধির সাথে জড়িত হয়ে পড়েছে। এ অঞ্চলে ইরানের বন্ধু রাষ্ট্র ও শত্রু রাষ্ট্র-সবার ওপরে এর দীর্ঘমেয়াদী প্রভাব সৃষ্টি করতে পারে। মধ্যপ্রাচ্যে ইরানের বন্ধু রাষ্ট্রের সংখ্যা ক্রমবর্ধমান এবং এগুলো ইরানের শক্তিমত্তা সম্পর্কে আস্থাশীল। অন্যদিকে, ইরানের বৈরি রাষ্ট্রগুলো ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ব্যাপক ধারণা পোষণ করছে। সোলাইমানি হত্যাকান্ড ইরানের সামরিক শক্তিমত্তা সম্পর্কে এক নতুন অনুভূতি সৃষ্টি করতে পারে। যদি ইরান অত্যন্ত তীব্রতার সাথে আমেরিকান আক্রমণের জবাব দিতে পারে-সেক্ষেত্রে ইরানের বন্ধু রাষ্ট্রগুলোকে আশ্বস্ত করতে পারে; পক্ষান্তরে শত্রু রাষ্ট্রগুলো দুর্বল হয়ে পড়তে পারে। ফলে মধ্যপ্রাচ্যে ইরানের একক প্রভাব কায়েম হবে এবং যদি সেটা করতে ইরান সক্ষম হয় তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব শূণ্যের কোঠায় নেমে আসার সম্ভাবনা ও আশংকা বিদ্যমান রয়েছে। এসব বিষয় বিবেচনায়-ইরানের জন্য আমেরিকান আক্রমণ ও শীর্ষ জেনারেলকে হত্যাকান্ড ইরানের জাতীয় মর্যাদা, নিরাপত্তা, আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব-প্রতিপত্তি সম্পর্কে নতুন এক চ্যালেঞ্জের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে বলে আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞ ও স্ট্যাটেজিক বিশ্লেষকরা মনে করছেন।
ইরানীদের নিকট কাসেম সোলাইমানি কেন এতো গুরুত্বপূর্ণ-সেটাও আলোচনায় এসেছে বিশ্বপরিমন্ডলে। এর জবাব হলো; সোলাইমানিকে মনে করা হয় ইরানের দ্বিতীয় শীর্ষনেতা; প্রধান শীর্ষনেতা আয়াতুল্লাহ খামেনীর পরেই তাঁর স্থান। তিনি ইরানের এবং এমনকি বিশ্ব পরিমন্ডলে আর মধ্যপ্রাচ্যে শক্তিমান হিসেবে গণ্য ইরানের মর্যাদাবান এলিট ফোর্স-আল কুদস বাহিনীর প্রধান কমান্ডার। এই ফোর্সের প্রধান হিসেবে ইরানের শীর্ষনেতা খামেনীর নিকট সরাসরি দায়বদ্ধ থেকে তাঁর দায়িত্ব পালন করে থাকেন। ইরানের সরকার, সশস্ত্র বাহিনী বা অন্য কারো নিকট বা অন্য কোনো প্রতিষ্ঠানের নিকট তিনি জবাবদিহি বা দায়বদ্ধ নয়। এর থেকেই সোলাইমানির গুরুত্ব ও মর্যাদার বিষয়টা পরিমাপ করা যায়।
নিহত জেনারেল সোলাইমানি ইরানের সশস্ত্র বাহিনী, জনগণ এবং এমনকি, মধ্যপ্রাচ্য অঞ্চলের সামরিক বাহিনীর নিকট একজন সাহসী, শক্তিমান, ধীশক্তিমান, সামরিক কৌশলবিদ জেনারেল হিসেবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে গণ্য এবং তাঁর সামরিক কৌশল ও দক্ষতার কারণেই মধ্যপ্রাচ্যে আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে অঞ্চলজুড়ে সুসজ্জিত সামরিক বাহিনী ও মিলিশিয়াদের সংঘটিত ও একত্রীকরণ করে আমেরিকা ও এর মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। জেনারেল সোলাইমানির নেতৃত্বে ভূমধ্যসাগরে ইরানের প্রভাব-প্রতিপত্তি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিলো।
গত এক দশক ধরে সোলাইমানি সিরিয়া ও ইরাকে কয়েক হাজার ভারী সশস্ত্র যোদ্ধাকে সংঘটিত এবং একত্রিত করেছিলেন আমেরিকান ফোর্সের বিরুদ্ধে এবং তাঁর ধারা একত্রিত করা সামরিক ফোর্সগুলোই আমেরিকার বিপক্ষে সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ হয়ে যুদ্ধের মাঠে লড়াই করে যাচ্ছিলো।
অর্থাৎ-ইরানের নিকট সোলাইমানির গুরুত্ব অত্যন্ত উঁচুমানের এবং সে কারণে তাঁর অপরিহার্যতা অনস্বীকার্য। তাঁর অনুপস্থিতি ইরানের জন্য বিপর্যয়কর বলে গণ্য করা হচ্ছে। এমন একজন অপরিহার্য-গুরুত্বপূর্ণ জেনারেলের মৃত্যু বা হত্যাকান্ড ইরানের জন্য একটা বড় বিপর্যয়কর আঘাত বলে গণ্য হওয়ায় সুপ্রীম লিডার আয়াতুল্লাহ খামেনী থেকে শুরু করে প্রায় সকল ইরানীদের মধ্যে আমেরিকান ও তার মিত্রদের প্রতি প্রবল এক প্রতিশোধ স্পৃহা জন্ম নিয়েছে এবং এ প্রতিশোধ স্পৃহার বিস্ফোরণ কীভাবে ঘটে বা ইরান ও তার মিত্ররা করে, কখন-কীভাবে এর জবাব দেবে সেটা এখনই বলা না গেলেও বিনা জবাবে যে সেটা যাবে না তা বলা যায়। ইরান প্রতিশোধমূলক আক্রমণ চালাবার লক্ষ্যে অটল থাকবে এবং এর ফলে একটা বড় সংঘাতের সূত্রপাত হতে পারে; এমনকি, সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে পারে।
এ ব্যাপারে লেবাননের দৈনিক আন-নাহারের বিশ্লেষক ইব্রাহিম বায়রাম বলেছেন, ‘অবশ্যই ইরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া ও প্রতিরোধের জবাব পাওয়া যাবে-তবে প্রশ্নটা কোথায়, কখন এবং কীভাবে হবে।’ তবে-‘আমি মনে করি ইরানীরা সুনির্দিষ্ট এবং কীভাবে এ আঘাতটা পরিচালনা করবে তা জানে-বলেন বায়রাম।
ইরান কীভাবে আমেরিকান হামলার জবাব দিতে পারে তা নিয়ে বিস্তর লেখালেখি ও কথাবার্তা চালিয়ে যাচ্ছেন বিশ্লেষক ও গবেষকরা। কারো কারো অভিমত হলো-ইরান দ্রুতই আমেরিকানদের ওপর সামরিক হামলা পরিচালনা করতে পারে। অনেকে আবার একটাও মনে করেন যে, দ্রুতই সামরিক হামলা পরিচালনা না করে ইরান কৌশলী হবে এবং ধীরে-চিন্তে কৌশলী পদক্ষেপ নিয়ে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে। এ ক্ষেত্রে ইরানের লক্ষ হতে পারে বহুমুখি। যেমন-ইরাক থেকে আমেরিকান বাহিনীকে বের করে দেবার লক্ষ্য নিয়ে ইরান এগিয়ে যেতে পারে।
লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক বিষয়ক বুদ্ধিবৃত্তিক সংগঠন চ্যাথাম হাউসের গবেষণা সহযোগী রেনাদ মনসুরের মতে, ‘ইরাকি ভূমি থেকে আমেরিকান সেনাদের বহিষ্কার করা সম্ভবত: তাৎক্ষণিক প্রতিশোধ প্রক্রিয়ার অংশ হতে পারে।’ ‘আমি মনে কর যে কোনোও ইরাকি সরকারী কর্তৃপক্ষের পক্ষে আমেরিকান সেনা রাখার দাবি করাটা কঠিন হবে’-বলেন মনসুর। উল্লেখ্য যে, ইরাকে এখন ৫২০০ আমেরিকান সৈন্য রয়েছে। সোলাইমানি হত্যাকান্ডের ফলে ইরাকে-ইরান সমর্থিত শক্তি ও রাজনৈতিক দলগুলোকে আরও শক্তিশালী করা হবে। ইরানের মিত্ররা এখন ইরাকে বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার বিষয়টা সামনে নিয়ে আসবে এবং ওয়াশিংটনের সাথে বিদ্যমান জোট থেকে বের হয়ে এসে ইরাকে থাকা আমেরিকান সৈন্য সরিয়ে দিতে চাপ সৃষ্টি করতে পারে ইরানী সমর্থক ইরাকীরা। এটা ইরাককে সিরিয়া ও লেবাননের পাশাপাশি ইরানের শিবিরকে আরও শক্তিশালী করবে- যেমনটা জেনারেল সোলাইমানির লক্ষ্য ছিলো।
অন্যদিকে, সিরিয়া এবং ইরাকে থাকা আমেরিকান সৈন্যরা প্রতিশোধমূলক ইরানীদের দ্বারা আক্রমণের শিকার হতে পারে। আবার একই সাথে ইরান তার মিত্রদের দ্বারা লেবানন, ইয়েমেন বা গাজা উপত্যকায় আমেরিকান স্বার্থের ওপর আক্রমণ পরিচালনা করতে পারে। ইরান সমর্থিত হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী ইসরাইলে হামলা করারও আশংকা রয়েছে।
তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন-আমেরিকান সাইবারট্যাকগুলো সম্ভবত ইরানের প্রতিশোধের অংশ হতে পারে। মার্কিনীদের পাওয়ারগ্রীড বিকল্প করে দেবার পদক্ষেপ নিতে পারে ইরানীরা। ইরানী আক্রমণের সম্ভাব্য অন্যান্য লক্ষ্যবস্তু হতে পারে আমেরিকান আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো, উৎপাদন খাত, তেল, গ্যাস, উদ্ভিদ ও প্রাকৃতিক সম্পদ এবং ট্রানজিট সিস্টেম। যেমন-উদাহরণ হিসেবে বলা হয়েছে-প্রেসিডেন্ট ওবামার মেয়াদকালে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আগে ইরানি হ্যাকাররা একাধিকবার বিঘ্নমূলক আক্রমণ চালিয়ে আমেরিকান ব্যাংকগুলোর ওয়েব সাইটগুলোকে বিকল করে দিয়েছিলো। এবারও সে ধরনের ঘটনা ঘটাতে পারে বলে সাইবার বিশেজ্ঞদের ধারণা।
স্ট্যাটেজিক বিশেষজ্ঞরা মনে করেন, ইরান উপসাগরীয় অঞ্চলে আমেরিকান মিত্র ও তাদের তেল অবকাঠামোকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। সেক্ষেত্রে তেল উৎপাদন, বিপণন ও বিক্রয় প্রক্রিয়াকে পুরোপুরি স্তব্ধ করে দেবার চেষ্টা করবে ইরান।
নানামুখি প্রক্রিয়ায় বা পন্থায় ইরান আমেরিকানদের ওপর, আমেরিকান সেনাদের ওপর বা আমেরিকান স্বার্থের ওপর হামলা করতে পারে তার নিজের মর্যাদা, ভাবমূর্তি বা স্বার্থ রক্ষার জন্য। আঞ্চলিক শক্তি হিসেবে তার প্রভাব বজায় রাখার জন্যও ইরানীরা আমেরিকান হামলার জবাব দেবে-এটা প্রায় নিশ্চিত। আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার জন্যও ইরানের একটা প্রতিশোধমূলক জবাব পাবে আমেরিকা এটা বলছেন বিশেষজ্ঞরা। এমনসব ভবিষ্যতবাণীগুলোর মধ্যেও এমন আশাও অনেক বিশ্লেষক করেন যে, হয়তো আপাতত: ইরান আমেরিকার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেবে না।
তেল আবিবের থিঙ্ক ট্যাঙ্ক ইন্সটিটিউট ফর ন্যাশনাল স্ট্যাজেটিক স্ট্রাডিজ ইনস্টিটিউটের ইরান বিশেষজ্ঞ গুজানস্কি বলেছেন-‘আমি মনে করি ইরানিরা এখন হতবাক হয়ে গেছে। ইরানীরা এর আগেও কয়েকজন কমান্ডার হারিয়ে আমেরিকার ওপর প্রতিশোধ নেবার অঙ্গীকার করেছিলো সময় মতো প্রতিশোধ নেবে; কিন্তু প্রতিশোধ নিতে পারেনি-এগুলো ছিলো কেবল ফাঁকা বুলি; এবারও তাই হবে বলে মনে করছেন কতিপয় বিশেষজ্ঞরা। তবে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য প্রোগ্রামের পরিচালক জুস্ট হিল্টারম্যান বলেছেন, ‘আমরা একটা যুদ্ধ দেখতে পাচ্ছি।’ তারা একটা কোণায় দাঁড়িয়ে আছে; কাজেই তারা এর জবাব দেবে’-বলেন হিল্টারম্যান।
লেখক : আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক।

