ডিএনসিসি নির্বাচন, কে কোন প্রতীক পেল

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে আজ শুক্রবার (১০ জানুয়ারি)। সকাল সাড়ে ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এনএলআই) ভবনের অডিটোরিয়ামে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচন কমিশনের যুগ্ম মহাসচিব ও ঢাকা উত্তরের রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম প্রতীক বরাদ্দ দেন।

ঢাকা উত্তরের মেয়রপ্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ধানের শীষ, কমিউনিস্ট পার্টি মনোনীত ডা. সাজেদুল হক রুবেল পেয়েছেন কাস্তে, প্রগতিশীল গণতান্ত্রিক দলের শাহিন খান পেয়েছেন বাঘ, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মোহাম্মদ ফজলে বারী মাসুদ হাতপাখা এবং ন্যাশনাল পিপলস পার্টির আনিসুল হক দুলাল পেয়েছেন আম প্রতীক।

নির্বাচন কমিশনের যুগ্ম মহাসচিব ও ঢাকা উত্তরের রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম বলেন, নির্বাচনে আজ শুক্রবার শুরু হচ্ছে প্রার্থীদের প্রচারণা। নির্বাচন একটি উৎসব। এই উৎসবকে আমরা কোনোক্রমেই সংঘর্ষে রূপ নিতে দেবো না। রাস্তাঘাট বন্ধ করে কোনো জনসভা করতে দেওয়া হবে না। তিনি বলেন, প্রার্থীরা যেন কোনোমতেই আচরণবিধি লঙ্ঘন না করে সেই বিষয়ে অনুরোধ করা হয়েছে। কোনো প্রার্থী লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রিটার্নিং অফিসার আরো বলেন, প্রত্যেক মেয়র প্রার্থীদের একটি করে আচরণবিধি দেওয়া হয়েছে এবং প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে কোনো প্রার্থী রঙিন পোস্টার লাগাতে পারবেন না বলেও জানানো হয়।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.