আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘শেখ হাসিনা আকাশে স্যাটেলাইট উড়িয়েছেন। চাঁদে যাওয়ার জন্য আমরা স্লট চেয়েছি, বুকিং দিয়েছি। আমরা হয়তো যাব না, কিন্তু ওই চাঁদে তোমরাই যাবে, এ চাঁদমুখের বাচ্চারাই যাবে। সে দিনের আশায় মন দিয়ে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও।’
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান মুক্তমঞ্চে শিক্ষার্থীদের মাঝে কম্বল ও প্রণোদনার অর্থ বিতরণ অনুষ্ঠান এবং গরিবদের মধ্যে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন, ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, হাজী মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিক, যুগ্মআহ্বায়ক আজাদ মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
পরে মতিয়া চৌধুরী নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৬০টি মসজিদে ১০ হাজার করে টাকা, ব্যক্তিগত তহবিল থেকে মাধ্যমিক ও দাখিলের ৪৭৬ জন শিক্ষার্থীর মাঝে ৫শ’ টাকা করে প্রণোদনার অর্থ এবং প্রাথমিক ও এবতেদায়ির শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে দুই হাজার ৬শ’ কম্বল বিতরণ করেন।
শুদ্ধস্বর/আইপি

