সৃজিত-মিথিলা বিয়ে করলেন ঘরোয়াভাবে

সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি বিয়ে করেছেন। তবে সাতপাকে বাঁধা নয়, শুধুই রেজিস্ট্রি করে বিয়ে করেছেন তারা। পাত্রী বহুল আলোচিত বাংলাদেশের মডেল, অভিনেত্রী ও সঞ্চালক রাফিয়াত রশিদ মিথিলা। গত একবছরের বেশি সময় ধরে চলা সম্পর্ক পরিণতি পেয়েছে দক্ষিণ কলকাতায় এক ফ্ল্যাট বাড়িতে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে। সৃজিত এদিন সকালেই জানিয়েছিলেন, ছোটোখাটো অনুষ্ঠান করা হচ্ছে। সন্ধ্যায় আয়োজিত রেজিস্ট্রি বিয়ের অনুষ্ঠানে মিথিলা পড়েছিলেন লাল জামদানি। সঙ্গে মানানসই সাবেকি সোনার গহনা। হাতে ছিল মেহেন্দি। আর সৃজিত পরেছিলেন সোনালি কাজের কালো পাঞ্জাবি ও লাল জহরকোট।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলার মা, বাবা ও তাদের ঘনিষ্ঠরা। ছিল মিথিলার মেয়ে আইরাও। সৃজিতের মা ও দিদিও উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন, চলচ্চিত্র জগতের কয়েকজন। জানা গেছে, ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে বড় রিসেপশন পার্টি হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের কোনো এক সময়ে। রেজিস্ট্রি বিয়ের কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে মিথিলার জন্য নিজেরই ছবি জাতিস্মরের খোদার কসম জান গানটির কয়েকটি লাইন তুলে ধরে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। সেই আবেগঘন পোস্টে সৃজিত লিখেছেন, প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি অচেনা নদীর স্রোতে চেনা চেনা ঘাট দেখে নামি চেনা তবু চেনা নয়, এ ভাবেই স্রোত বয়ে যায় খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়…’’। সঙ্গে একটি ছবি। সামনে বয়ে চলেছে নিস্তরঙ্গ নদী… হাতে হাত রেখে দাঁড়িয়ে আছেন ওরা দু’জন। সাদা কালো ছবিটি, অথচ অব্যক্ত প্রেমের সাক্ষী। বছর খানেকের কিছু আগে বাংলাদেশের গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিও উপলক্ষে মিথিলার সঙ্গে আলাপ হয়েছিল সৃজিতের। অল্পদিনের মধ্যেই তাদের মধ্যে সখ্য গড়ে উঠেছিল। অর্ণবের তুতো বোন মিথিলা। তাদের মধ্যেকার বন্ধুত্ব যে বেশ গভীর সে কথা তারা স্বীকারও করেছিলেন। অষ্টমীর অঞ্জলি থেকে ফিল্ম ফেস্টিভ্যাল একসঙ্গেই দেখা গেছে তাদের। রাতের কলকাতাতেও ঘুরতে দেখা গেছে দু’জনকে। গিয়েছেন রাত পার্টিতেও। বিয়ে নিয়ে দু’জনে মুখ না খুললেও ক’দিন আগেই সৃজিত বাংলাদেশে গিয়ে মিথিলার পরিবারকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে জানা গেছে। তারপর থেকেই দ্রুত বল গড়িয়েছিল। সকলেই অপেক্ষায় দিন গুনছিলেন। প্রথমে শোনা গিয়েছিল ফেব্রুয়ারিতেই হবে বিয়ে। এরপরে জানা গিয়েছিল তা হবে ডিসেম্বরে। তবে এতো তাড়াতাড়ি যে, দু’জনে রেজিস্ট্রি করে ফেলবেন তা আগে জানা যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.