নাগরিক ঐক্যের আহ্বায়ক এবং গনতন্ত্র উদ্ধার আন্দোলনের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমি যা শপথ নিব, তা করে ছাড়ব। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ছাড়ছি না। আজ থেকে গণতন্ত্র উদ্ধারের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে।’
সোমবার রাজধানীর মৎস্য ভবনের সামনে নাগরিক ঐক্য আয়োজিত ‘গণতন্ত্র উদ্ধার আন্দোলন’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ব্যাপক জনসমাগম এবং স্লোগানে মুখর ছিল আজকের এই কর্মসূচী ।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আজ থেকে আমরা গণতন্ত্র উদ্ধার আন্দোলনের ডাক দিয়েছি। এই আন্দোলনে আমরা জিতব এবং এই আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার করব। এই আন্দোলন সবার। আজ থেকে লড়াই শুরু করেছি, এ লড়াই চলবে।’ মান্না পাটকল শ্রমিক এবং আন্দোলনরত ঢাবির ছাত্রদের সাথেও একাত্মতা ঘোষণা করেন ।
এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, বর্তমান সরকার দেশ বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চায়। সারা বিশ্বে ভোট হয় দিনে, আর এখানে ভোট হয় রাতে। সারা পৃথিবীতে নির্বাচন হয় নির্বাচনের দিন, আর এখানে নির্বাচন হয় তার আগের দিন। এই সরকারকে বলব আপনাদের যেতে হবে, কিভাবে যাবেন আপনি সিদ্ধান্ত নেন।’
তিনি আরও বলেন, দেশের সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। পেঁয়াজ, তেল, আলু- সবকিছুর দাম বেড়েছে। মানুষ খেতে পারছে না, অথচ সরকারদলীয় নেতাকর্মীরা লন্ডন, আমেরিকায় বাড়ি-গাড়ি করছে, বিদেশে টাকা পাচার করছে। এই সরকারকে পতন করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন – ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল,চিত্র শিল্পী শহিদুল ইসলাম , বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাংবাদিক শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, শাহ্ আবু জাফর ঢাবির সাবেক অধ্যাপক সি আর আবরার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমী, উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের মমিনুল ইসলাম, শহীদুল্লাহ কায়সার, মোফাকখারুল ইসলাম নবাব, লাকী বেগম, মাহাবুব মুকুল, গণফোরামের নেতা জগ্লুল হায়দার আফ্রিক, বিকল্প ধারার অধ্যাপক নুরল আমিন ব্যাপারী সহ পেশাজীবী নেতৃবৃন্দ ।
শুদ্ধস্বর/ এইচ বি

