সময় মতো মন্ত্রী এলেন না , তাই অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন সুইডিশ রাষ্ট্রদূত

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী দেরিতে আসায় বেলা ১১টার অনুষ্ঠান শুরু হলো দুপুর ২টায়।

রাজধানীর মহাখালীতে অবস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়।

এতে ভূমিকম্প প্রস্তুতি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চারটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা ছিল।

অনুষ্ঠানে অংশ নিতে যথাসময়ে উপস্থিত হন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ দূতাবাসের রাষ্ট্রদূত রবার্ট ক্যাথারটন ডিকসন, সুইডিশ দূতাবাসের রাষ্ট্রদূত শার্লোটা সিল্টার, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী।

কিন্তু অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ও মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল যথাসময়ে উপস্থিত হননি।

বেলা ১১টার অনুষ্ঠান যখন দুপুর ১টাতেও শুরু হচ্ছিল না, তখন আয়োজকদের সুইডিশ দূতাবাসের রাষ্ট্রদূত শার্লোটা সিল্টার জানান, তিনি দুপুর দেড়টার পর আর থাকতে পারবেন না।

তখন আয়োজকদের পক্ষ থেকে সুইডেনের রাষ্ট্রদূত শার্লোটা সিল্টারকে বক্তব্য দিতে বলা হয়। দুপুর ১টা ১৮ মিনিটের দিকে সুইডেনের রাষ্ট্রদূত বক্তব্য দিয়ে বিদায় নেন।

অনুষ্ঠান শুরু হতে দেরি হওয়ায় আগত অন্য অতিথিরা বিরক্তি প্রকাশ করেন। এসময় গণমাধ্যমকর্মীসহ আগত অতিথিদের অলস সময় কাটাতে দেখা যায়।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.