নয়ন বন্ডের নিহতের খবর শুনে যা বললো মিন্নি

প্রকাশ্য রাস্তায় স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যার প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

এ খবরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি।

মঙ্গলবার ভোর সোয়া ৪ টার দিকে জেলার পুরাকাটার পায়ারা নদীর পাড়ে এক বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হন নয়ন বন্ড।

সকালে তা বাবার কাছ থেকে প্রথমে জানতে পারেন মিন্নি। তাৎক্ষণিক আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

গণমাধ্যমকে আয়েশা সিদ্দিকা মিন্নি বলেন, ঠিক এমন একটা খবরের অপেক্ষায় ছিলাম। হৃদয়ে শান্তি এসেছে। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে, বিচারের জন্য আদালতে দৌড়াতে হলো না। এর পর মিন্নি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি দ্রুত সময়ের মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। ওরা ধরা পড়বে কি পড়বে না তা নিয়ে খুব আশংকায় ছিলাম। সুবিচার পাওয়া নিয়ে আতঙ্ক কাজ করছিল মনে। নয়নের নিহতের মধ্য দিয়ে সব শঙ্কা এবং আতঙ্ক দূর হয়েছে। রিফাতের আত্মা শান্তি পেয়েছে।

মূল আসামি নয়ন নিহতের খবরে খুব খুশি হয়েছেন জানিয়ে মিন্নি প্রধানমন্ত্রীর কাছে আরও আবেদন জানান, নয়ন নিহতের ঘটনায় আমি অনেক খুশি হয়েছি। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের আমি শাস্তি চাই। তারাও যেন কঠোর শাস্তি পায় এই প্রার্থনা করি।

মেয়ের মুখে স্বস্তির ছায়া দেখে গণমাধ্যমকে মিন্নির বাবা মোজাম্মেল বলেন, শুধু মিন্নিই নয়, আমরা পুরো পরিবার খুশি। বাজারে গিয়ে সবার মুখে সন্ত্রাসী নয়নের নিহতের খবর শুনেই দ্রুত বাসায় এসে মিন্নিকে জানাই। আমার বিধ্বস্ত মেয়েটির মুখে আত্মতৃপ্তির ঝলক দেখতে পাই। প্রশান্তির ছায়া নেমে আসে তার চোখে-মুখে।

দিনদুপুরে জামাতাকে কুপিয়ে হত্যা করার সঙ্গে জড়িত বাকিদেরও যেন এমন শাস্তি হয় সেই কামনা করেন তিনি।

এ হত্যাকাণ্ডের আরেক আসামি রিফাত ফরাজীরও যেন নয়ন বন্ডের মতোই অবস্থা হয় সেই কামনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দ্রুত বিচার পাইয়ে দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। এখন বাকিদের শাস্তি হলেই রিফাতের আত্মা শান্তি পাবে।

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.