ডেঙ্গু অক্রান্ত হয়ে পুলিশের এস আই কোহিনুর আক্তার নীলার মৃত্যু

রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কোহিনুর আক্তার নীলা মারা গেছেন। মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

ডেঙ্গু আক্রান্ত হলে কোহিনুরকে (৩৩) প্রথমে রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে ভর্তি করা হয়। এর পর তার অবস্থার অবনতি হলে তাকে মোহাম্মদপুর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। রাজারবাগ পুলিশলাইনসে সকাল সাড়ে ৯টায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

এসআই কোহিনুরের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে।

মোহাম্মদপুর সিটি হাসপাতাল সূত্রে জানা গেছে, কোহিনুর সিটি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গু আক্রান্ত কোহিনুরকে গুরুতর অবস্থায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ক্রমেই তার অবস্থার অবনতি হয়। মঙ্গলবার রাত ২ টার দিকে কোহিনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

জানা গেছে, এসআই কোহিনূরের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তার একটি ছেলে সন্তান রয়েছে।

সূত্রমতে, রাজারবাগ পুলিশলাইনসের ব্যারাক, মিরপুরসহ আশপাশের এলাকার বহু পুলিশ সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত পুলিশের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত ৯৫ পুলিশ সদস্য ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন। শনিবার আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ছিল ১০১ জন।

দেশের ৬২ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১৩৩৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

অর্থাৎ প্রতি ঘণ্টায় ৫৫ জনের বেশি। মঙ্গলবার নতুন করে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রী রয়েছেন।

শুদ্ধস্বর/আইপি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.