বাজেট না দিলেই বা কি করতেন ?

লেখার শুরুতেই একটি গল্প বলবো। তবে প্রথমেই বলে রাখি এই প্রশ্নটি আমাকে করেছেন, ইতালি প্রবাসী Alam Shah জনাব আলম শাহ্। ধন্যবাদ আলম শাহ্ , চমত্কার প্রশ্নের জন্য । আমি উনার করা প্রশ্নটিই ধার নিয়ে, শ্রদ্ধেয় নেতা মাহামুদর রহমান মান্না ভাইয়ের উদ্দেশে ছুঁড়ে দিচ্ছি। কেন মান্নাভাই কে এই প্রশ্ন, তা গল্পটি বলার পরেই লিখবো

এই গল্পটিও ধার করা। অষ্ট্রিয়া প্রবাসী আমার বন্ধু বাবলু প্রায়শই এই গল্পটি বলে। গল্পটি এমন :

একজন ভদ্রলোক সাইকেল চালিয়ে পাশের গ্রামের এক চায়ের দোকানে চা খাচ্ছে । সাইকেলটি দোকানের পিছনে এক গাছের সাথে রেখেছিলো। অনেকের সাথে গল্পগুজব করে চা পান করে ফিরে যাবার সময় দেখে তার সাইকেলটি যেখানে রেখেছিলো সেখানে নেই। মানে চুরি হয়ে গিয়েছে!

এবার ভদ্রলোক ভীষন চটে গিয়ে, ইচ্ছামত চিল্লাচিল্লি শুরু করে দেয়। সেই গ্রামের সকলের চৌদ্দগোষ্ঠিকে দশহাত নেয়। ভদ্রলোক বলতে থাকে আমার সাইকেল তাড়াতাড়ি ফিরিয়ে দাও , তা নাহলে গতবছর আমি পাশের গ্রামে যা করেছিলাম, আজকে আমি সেই একই কান্ড এই গ্রামে ঘটাবো। মানে পাশের আরেক গ্রামে গতবছর উনার সাইকেলটি চুরি হয়েছিলো । এই কথা তিনি বারবার বলতে লাগলেন। এবার গ্রামের লোকজন একটু ঘাবড়ে যায়। ভদ্রলোকের হামকি ধামকি দেখে সেই গ্রামের  একজন মুরুব্বি জন মোলায়েম সুরে ভদ্রলোককে জিজ্ঞেস করেন, ভাইসাব আপনি পাশের গ্রামে হারিয়ে যাওয়া সাইকেল নিয়ে কি করেছিলেন ?

ভদ্রলোক এবার নিজে একটু ঠান্ডা হয়ে বলে, ভাইসাব গতবছর যখন আমার সাইকেলটি পাশের গ্রামে চুরি হয়ে যায়, তখন আমি উপায় না দেখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গিয়েছিলাম।

কেন প্রশ্ন মান্নাভাইয়ের প্রতি,কারণটি বলি ।  শ্রদ্ধেয় মান্নাভাই যা বলেন আমি মনে করি উনি রাজনীতি করার চেয়েও যা ভাবেন সেটার মাপকাঠি বিবেচনায় নিয়ে ভাষ্য দেন এবং আমি এও মনে করি মান্নাভাই সত্যের প্রতি বেশি জোর দেন। আজকের পত্রিকায় দুই জায়গায় দেখলাম মান্না ভাই বলেছেন, ” এ বাজেট ফোরটুয়ান্টি বাজেট ” এবং ” এই বাজেট মানবো না ” ।

আমিও মান্নাভাইয়ের সাথে সহমত যে এই বাজেট সত্যি ভুয়া বাজেট। এই বাজেট সত্যি বড়লোকের বাজেট। তবে দ্বিতীয় ভাষ্য ” মানি না ” এটার সাথে সহমত হতে পারছি না । কেননা মান্নাভাই এ কথা বলেছেন বটে, তবে তিনি ইতিমধ্যেই এই বাজেট মানতে বাধ্য হচ্ছেন, কেননা বাজেটের সূত্র ধরেই সবকিছু চালু ইতিমধ্যেই শুরু হয়েছে। শ্রদ্ধেয় মান্নাভাইও এই বিত্তের মাঝেই আছেন নিশ্চয়ই ।

এবার একটু পুরনো কাসুন্দি ঘাটি। জাতীয় নির্বাচনে সরকার ভোট দিতে দিলেন না ,কি হয়েছে ? মূলত কিছুই হয়নি। এর পূর্বে বিনি ভোটে ১৫৪ সিট নিয়ে ক্ষমতায় আসিন হয়েছে, কি হয়েছে ? যেখানে জাতীয় নির্বাচনেই সরকার  যা ইচ্ছে তাই করতে পারে, সেখানে এই বাজেট দিলেই কি ? আর না দিলেই  কি ? বাজেট পেশ করলেন মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীর অসুস্থতার কারণে । যদি ধরে নেই , প্রধানমন্ত্রী সেদিন সংসদে বলে দিতেন , অর্থমন্ত্রীর অসুস্থতার কারণে বাজেট পেশ হচ্ছে না। বাজেট পেশ না করেই যদি কন্ঠ ভোটে পাশ করিয়ে নিতেন। তাহলেও কি কিছু হতো ? বলবেন আইন তা সমর্থন করে না , এই তো! ছোট্ট করে বলি আইন তো অনেক কিছুই সমর্থন করে না, তাই বলে কি সব কিছু আঁটকিয়ে আছে ? প্রশ্ন হাজারো করা যাবে । সেই যুক্তি তর্কে যাচ্ছি না, কেননা এগুলো শুনতে শুনতে জনগণ মনে হয় বিরক্ত। জনগণ  যা দেখছে, তা হলো সব কিছুই চলছে, বিনি বাঁধায়, বিনি নিয়মে, বা সরকারের একান্তই ইচ্ছা শক্তিতে !!!

সত্যি বলতে আমাদের সব কিছুতেই গলদে ভরা। এমন একটি উদহারণ কেউ দিতে পারবেন না, গলদ ছাড়া । তাই লেখার শেষে বলি , যদিও প্রশ্নটি মান্না ভাইয়ের প্রতি, তবে এও বলি এর উত্তর বর্তমানে কেউ দিতে পারবেন না । তাহলে উত্তরটি কি ? উত্তরটি গল্পেই নিহিত আছে। তবে এটাও অগ্রিম বলে রাখি, গল্পের ভদ্রলোকের কান্নাটি একদিন জাতির জন্য কান্না হতে পারে।

20181221_172132

বুলবুল তালুকদার

সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.