কোন সিধান্ত ছাড়াই জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক মুলতবী, কামাল হোসেন, মান্না সহ আবার বসবেন তারা

দীর্ঘদিন পর বৈঠক ডেকেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের দুই শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার অনুপস্থিতিতে অনুষ্ঠিত এ বৈঠকে নিজেদের ভেতরকার মান-অভিমান এবং দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ খুব একটা কাজে আসেনি, তাই তারা ডক্টর কামাল এবং মাহমুদুর রহমান মান্না সহ আবার বৈঠকে বসে কর্মপন্থা ঠিক করবে বলে শুদ্ধস্বর ডট কমকে জানান নাগরিক ঐক্যের নেতা মোমিনুল ইসলাম , তিনি নাগরিক ঐক্যের পক্ষ থেকে আজকের সভায় উপস্থিত ছিলেন ।

সোমবার বিকালে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।এই বৈঠকে গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি , বিএনপি, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতারা অংশ নেন ।

সরকার বিরোধী আন্দোলনসহ ভবিষ্যতে একসঙ্গে পথ চলার কর্মকৌশলও ঠিক করতে পারেনি তারা।

জোটের আরেক শরিক বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগের দেয়া আলটিমেটাম ইস্যুতেও কোনো সিদ্ধান্ত হয়নি এই বৈঠকে।

এ অবস্থায় জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের উপস্থিতিতে আবারও বৈঠকে বসার সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হয় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক।

মূলত নির্বাচন পরবর্তী সময়ে নানা ইস্যুতে জোটের ভেতরে তৈরি হওয়া দূরত্ব, মান অভিমান এবং টানাপোড়েন দূর করে নতুন করে পথ চলার লক্ষ্য নিয়েই আয়োজন করা হয় এই বৈঠকের। কিন্তু জোটের দুই শীর্ষ নেতা ড. কামাল হোসেন এবং মাহমুদুর রহমান মান্না এতে অংশ নেননি। শুদ্ধস্বরের এক প্রশ্নের উত্তরে মোমিনুল ইসলাম জানান, আজকের বৈঠকের ব্যাপারে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলামের উদ্যোগই ছিল প্রধান , বিএনপি নিজেদের মধ্যে আলোচনা করেই ঐক্যফ্রন্টকে আবার সক্রিয় করতে চাচ্ছে ।এটা অবশ্যই একটা ইতিবাচক পদক্ষেপ ।

শুদ্ধস্বর/এইচবি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.