আমার শৈশব কালের ঈদের স্মৃতিকথা

ঈদ আসলেই সেই শৈশব কালের দিনগুলির কথা মনে পড়ে, খুব ছোটবেলায় আমি তখন স্কুল বালক শখ করে রোযা রাখতাম, বড়রা দুপুরের দিকে রোযা ভেঙ্গে ফেলার পরামর্শ দিয়ে বলেতেন একদিনে দুইটা রোজা কর কিছু খেয়ে আবার রোযা শুরু কর ।১৫ রোযা হয়ে যাওয়ার পর ঈদের দিন গুনতাম, আর কয়দিন বাকী আছে ঈদের, আজ কয় রোযা শেষ হল ।ঈদের কেনাকাটাও শুরু হতো এই সময় থেকে,এখনে উল্লেখ করে নিচ্ছি আমার শৈশবকাল থেকে কিশোর জীবন কেটেছে আমার নানা র বাড়ীতে ।আমার নানা এলাকার খুব ধনী মানুষ ছিলেন, সেই সময়কার শিল্পপতি বলা যায়, সব উৎসবই পালন করতেন খুব জাঁকজমক ভাবে কোন জৌলুসের  অভাব থাকতোনা । ঈদের পোশাক কিনতে আমাকে নিয়ে যেতেন পুরান ঢাকার ইসলামপুরের অভিজাত পোশাকের দোকান সরফুদ্দিন ব্রাদার্সে । সেই আমলে ঢাকায় তিন চারটি অভিজাত পোশাকের দোকান ছিল , তার মধ্যে গুলিস্তানের বেঙ্গল উল হাউজ, জিএমজি স্টোর, হোটেল ইনটারকনের ভোগ, এবং গ্যনিস । জুতার দোকান বলতে তখন বাটাই ছিল জনপ্রিয় ।জুতা কিনতে প্রথম সদর ঘাটে বাটার দোকানে সেখানে পছন্দ না হলে গুলিস্তানের বাটার দোকানে নিয়ে যেতেন আমার নানা । পাঞ্জাবী দর্জি দিয়ে বানিয়ে দিতেন ঢাকার চকবাজারে দশ নাম্বার গলির ভেতর দর্জির দোকান ছিল সেখানে নিয়ে যেতেন দর্জি গজ দিয়ে পাঞ্জাবীর মাপ নিতেন ।তারপর পাঞ্জাবী বানিয়ে দিতেন । রেডীমেড পাঞ্জাবীর প্রচলন তখন সেভাবে ছিল না ।  বন্ধুদের মধ্যেও ঈদের পোশাক নিয়ে আলাপ আলোচনা হতো , যে কিনে ফেলেছে তার বাড়ীতে নিয়ে নতুন পোশাক দেখাতো ।সেই সময়ে ইউনিয়ন সার্ট, টেটরন, ক্যারোলিন, প্লেবয় সার্ট খুব জনপ্রিয় ছিল ।

ঈদের আগের রাতও ছিল খুব আনন্দের, ছাদে উঠে চাঁদ দেখার আনন্দ ছিল স্বর্গীয় অনুভুতি, চাঁদ দেখার পর শুরু হয়ে যেতো রান্না বান্না, এলাকার মসজিদের মৌলভি এলাকাবাসীর মুর্গী জবাই করতে ব্যস্ত হয়ে যেতেন । চুল কাটার সেলুন গুলোতে প্রচণ্ডভীর লেগে থাকতো। অনেকে ভোররাতে এমন কি নামাজের আগেও চুল কাটতো, সেই সময়ে এলাকার জনপ্রিয় সেলুন ছিল বশীরের সেলুন, বশীর নন বেঙ্গলি ছিলেন । মানুষ হিসেবে খুব ভালো মানুষ ছিলেন, বরিসুরের মানুষের কাছে খুব জনপ্রিয় ছিলেন, চুলকাটা ছাড়াও তার সেলুনে  আমাদের অগ্রজদের আড্ডা হতো ।তার একটা ফিলিপ্স রেডিও ছিল , সেই রেডিওতে শিলং , শিলং রেডিও স্টেশন থেকে তখন জনপ্রিয় হিন্দি গান প্রচারিত হতো ।

ঈদের সকালে গ্রামের সবাই খুব ভোরে একসাথে বুড়িগঙ্গায় গোসল করতে যেতো, সেটাও ছিল আনন্দের। সবারই থাকতো নতুন সাবান, লাক্স, রেক্সনা, জানে সাবা,কাপ্রি, লন্ডনের লাক্স আবার যারা একটু গরীব তারা তিব্বতের ৫৭০ সাবানও ব্যবহার করতো । সবচেয়ে  মজার ব্যাপার হচ্ছে ,অনেকেই অনেকের সাবানের ঘ্রান নিতো, ভালো গন্ধ হলে বলতো দে একটু মাখি ।বুড়ীগঙ্গার জল তখন ছিল টলটলে সমুদ্রের জলের মতো ।আমরা সবাই খুব আনন্দের সাথে গোসল করতাম । ঈদের নামাজ হতো গ্রামের ফুটবল খেলার মাঠে ।বাঁশের তৈরি একধরণের চাটাই,  খলপা বিছিয়ে নামাজ পরা হতো । নামাজের পর কোলাকুলি করে বাড়িতে চলে আসতাম এবং বড় সবাইকে সালাম করে সেলামী নিতাম । নতুন কচকচে  টাকার নোট আমাদের সেলামী দেয়া হতো । ঈদের দিন সকালে নাস্তা ছিল খিচুড়ি আর সেমাই , দুপুরে পোলাও । গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে সবার বাড়ী থেকেই পোলাও এর ঘ্রান পেতাম । তখনই আমি ঈদের অনুভূতি অনুভব করতাম । সেই সময়ের মানুষরা খুব সরল প্রকৃতির ছিল, আয়োজনের চেয়ে আন্তরিকতা ছিল অনেক বেশী, বিশেষ করে ঈদের দিনে এটা ফুটে উঠত । ঈদের দিন আঁতর ব্যবহার করতো সবাই একজন আবার আরেকজনের গায়ে, পাঞ্জাবীতে আঁতর লাগিয়ে দিতো , এটাও আন্তরিকতারই বহি প্রকাশ ।  ঈদের দিন   নতুন কাপড় পড়ে আত্মীয়স্বজনের বাড়িতে  বেড়াতে যাওয়াও ছিল আনন্দের । সব মিলিয়ে ঈদ এমন একটি দিন যে সবাই মিলে আনন্দ করে । এ জন্যই একটি ঈদ শেষ হলে আরেকটি ঈদের জন্য অপেক্ষায় থাকে সবাই ।আমি ৪২ বছর দেশের বাইরে, এই সময়ে মাত্র একবার ঈদ করেছি বাংলাদেশে, সেই ছোটবেলার ঈদ অনুভুতিটা সেভাবে আর পাইনি   হতে  পারে সময়ের ব্যবধানে অনেক কিছুরিই পরিবর্তন হয়ে গেছে, অথবা আমারই অনুভব করার শক্তি কমে গেছে বা কালের বিবর্তনে ঈদের আনন্দেরও পরিবর্তন ঘটেছে যার সাথে আমি পরিচিত নই । এসবই আমার জন্মস্থানের  ঈদ স্মৃতি, যেখানে আমার জন্ম হয়েছে ,ঢাকার কেরানীগঞ্জের বরিসুর গ্রামের কথা ।

হাবিব বাবুল

প্রধান সম্পাদক। শুদ্ধস্বর ডটকম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.