আজ ছিল ইদের বিশেষ অনুষ্ঠান৷ কিন্তু সেই অনুষ্ঠানের মঞ্চেই লোকসভা নির্বাচনের প্রসঙ্গে টেনে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাম না করে বিজেপিকে কড়া ভাষায় বিঁধলেন তিনি৷ ইভিএম লুঠের অভিযোগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এদিন তোপ দাগেন তিনি৷ মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘‘যত তাড়াতাড়ি ইভিএম লুট করেছে, তত তাড়াতাড়ি চলেও যাবে৷’’
অন্যান্য বছরের মতো এবারও ইদ উপলক্ষ্যে রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এদিনের মঞ্চ থেকে ধর্মনিরপেক্ষতার বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ ইদের অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করে বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণও করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘ যে যা বলছে, যা করছে করতে দিন৷ কিছু বলার দরকার নেই৷ আমরা করে দেখাব৷ কাউকে ভয় না পেয়ে, আপনারা এগিয়ে চলুন৷ আমরা সফল হবই৷ রাজ্যকে রক্ষা করবই৷ ধ্বংস করতে দেব না৷ যে ধ্বংস করতে চাইবে, তাকে চুরমার করে দেব৷ ভয় পাবেন না৷ যত তাড়াতাড়ি ইভিএম লুট করেছে, তত তাড়াতাড়ি চলেও যাবে৷’’
সংবাদসূত্রঃ সংবাদ প্রতিদিন

