নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও ফেনী আওয়ামী লীগের দুই নেতাসহ মোট ১৬ জনের বিরুদ্ধে আগামীকাল (বুধবার) আদালতে চার্জশিট জমা দেয়া হবে।
মঙ্গলবার সকালে ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। চার্জশিটে ১৬ জনের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে পিবিআই।
নুসরাত হত্যা মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি জানাতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বহুল আলোচিত এ হত্যা মামলায় ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ দৌলা, আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ ১৬ জন জড়িত। অভিযুক্তরা সকলেই গ্রেফতার রয়েছেন।
সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বলেন, অভিযুক্ত ১৬ জনের মধ্যে এজহার নামীয় ৮ জন। আর এজহারের বাইরে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় আরও ৮জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হচ্ছে কাল।
তিনি বলেন, তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্ত এই ১৬ জনের মধ্যে ১২ জন ১৬৪ ধারায় নুসরাত হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগীতা ও জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নুজরাত হত্যাকাণ্ডের ঘটনায় আলোচনায় আসা সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
শুদ্ধস্বর/এন.হাসান

