“শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে এবং গণতন্ত্রের স্বপক্ষে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হোন” – এই স্লোগানে ডাকসু’র ভিপি নুরসহ ফারুক, রাতুল, আদিবের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে নাগরিক ছাত্র ঐক্য। নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক এম এন সাকিব আনোয়ার এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক ছাত্র ঐক্যের সদস্য শাওন রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল ইসলাম, নাগরিক যুব ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কোটা সংস্কার আন্দোলনের নির্যাতিত নেতা এস এম এ কবীর হাসান, যুব ঐক্যের সদস্য মোঃ জহির হোসেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আরিফ আজিজ, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) এর আহবায়ক তৌফিক উজ জামান, নাগরিক ছাত্র ঐক্যের আহবায়ক সাকিব আনোয়ার সহ নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। মানববন্ধন সঞ্চালনা করেন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আলিয়া হাসান ছোঁয়া। ছাত্র ঐক্যের আহ্বায়ক সাকিব আনোয়ার তার বক্তব্যে সরকারবিরোধী সকল ছাত্র সংগঠন কে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান জানান। তিনি বলেন, দেশ যে ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে তাতে ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই। ভাষা আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের ছাত্র সমাজ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ডাকসুর ভিপি নুরুল হক নুর সহ অন্যান্যদের উপর হামলা ছাত্র সমাজের উপর হামলা, স্বাধীনতার উপর হামলা, মানচিত্রের উপর হামলা। তিনি অনতিবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতের জন্য শাসক দলীয় ছাত্র সংগঠন কে হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশের ছাত্র সমাজ এই জুলুম, অত্যাচার, নিপীড়ন কোনোদিনও মেনে নিবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ছাত্রসমাজ এই ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী ও তাদের মদদপুষ্ট ছাত্র সংগঠনকে জবাব দিবে।
শুদ্ধস্বর/ এস এ

