শপথ গ্রহনে চাপ দেওয়ার কিছু নেই, চাপ দিতে যাব কেন?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শপথ গ্রহনে চাপ দেওয়ার কিছু নেই, চাপ দিতে যাব কেন?

শুক্রবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে জনপ্রতিনিধিরা শপথ নিয়েছে, তারা স্বেচ্ছায় শপথ নিয়েছে। সেখানে সরকারের চাপ দেওয়ার কিছু নেই। আমরা চাপ দিতে যাব কেন?

বিএনপির নির্বাচিতরা যাতে শপথ নেন, সেজন্য সরকারের তরফ থেকে চাপ দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণফোরামের সুলতান মনসুর ও মোকাব্বির খানের পর বিএনপির জাহিদুর রহমান জাহিদ বৃহস্পতিবার এমপি হিসেবে শপথ নেন।

সাংবাদিকরা শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়েছিলেন, শপথ নিতে সরকারের তরফ থেকে কোনো চাপ আছে কি না।

উত্তরে ফখরুল বলেন, নিঃসন্দেহে, সব সময়ই থাকে, যে সরকারই আসুক, এ ধরনের সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হয় না, তাদেরকে এভাবে ভিন্ন অগণতান্ত্রিক কৌশলেই চেষ্টা করতে হয় ক্ষমতায় টিকে থাকার জন্য।

বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে উত্তরে তিনি বলেন, যিনি শপথ নিয়েছেন তিনিই বলেছেন, তার এলাকার মানুষ চায়। সংসদে গিয়ে তিনি খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলবেন।

খালেদা জিয়াকে কিন্তু রাজনৈতিক কারণে বন্দি করা হয়নি। তার বিরুদ্ধে মামলা করেছিল তত্ত্বাবধায়ক সরকার। আদালতকে আমরা প্রভাবিত করিনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বিএনপি একটা রাজনৈতিক দল। (শপথের বিষয়ে) তাদের সিদ্ধান্ত তারাই নেবে। অন্য একটা দল সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।

দুর্নীতি মামলায় কারাবন্দি খালেদা জিয়ার প্যারোলে মুক্তির সম্ভাবনা নিয়ে যে গুঞ্জন রয়েছে সে বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক।

উত্তরে শেখ হাসিনা বলেন, প্যারোলের জন্য আবেদন করতে হয়। এখানে কেউ আবেদন করেনি। যেহেতু কেউ আবেদন করেনি, সেখানে আমার কমেন্ট করার কিছু নেই।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.