চোখের ভেতর মৌমাছির বাসা

মৌচাক বাদ দিয়ে চার-চারটি মৌমাছি যে একেবারে তরুণীর চোখের ভেতর বাসা বাঁধবে, সে এক অবিশ্বাস্য বিষয়। কিন্তু তেমনটাই ঘটেছে তাইওয়ানে। চোখে ভয়াবহ যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৮ বছর বয়সী এক তরুণী।

ডাক্তাররা ভালো করে পরীক্ষা করে সেখানে দেখতে পেলেন, খুবই ছোট আকারের চারটি মৌমাছি। মৌমাছিগুলো রীতিমতো খুবলে খাচ্ছিল চোখের ভেতরের অংশ। আর তাই অসহনীয় ব্যথায় কাতরাচ্ছিলেন সে তরুণী। তবে তরুণীর পরিচয় বিস্তারিত জানা যায়নি। প্রাথমিকভাবে তিনি নিজেকে মিসেস ‘হি’ নামে পরিচয় দিয়েছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সেখানকার ফুইস ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক ডা. হং চাই চিং এ ঘটনাকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, চোখের ভেতর থেকে চার মিলিমিটারের পোকাগুলোর পা ধরে টেনে বের করার সময় বিস্ময় আটকে রাখতে পারিনি। চার ঘণ্টার বেশি সময় ধরে তার চোখের ভেতর মৌমাছিগুলো থাকায় চোখে সংক্রমণের সৃষ্টি হয় এবং কর্নিয়াও ফুলে যায়। তরুণী ভেবেছিলেন চোখে হয়তো ধুলো-বালি ঢুকেছে। এ ধরনের ছোট মৌমাছিগুলো হ্যালিকটিডে নামেও পরিচিত। তাদেরকে চোখের ভেতর থেকে অক্ষত অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে বলে জানান সেখানকার চিকিৎসক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.