বক্তৃতা থামিয়ে মাথা নিচু করে বেশ কিছুক্ষণ নীরব ছিলেন তিনি। তার চোখে পানি। এক সময় কেঁদে ফেলেন অভিনেত্রী জয়াপ্রদা।
এক সময় সমাজবাদী পার্টিতে ছিলেন জয়াপ্রদা। সেই দলেরই নেতা আজম খানের জন্যই নাকি রামপুর ছাড়তে হয়েছিল জয়াপ্রদাকে। সে কথা স্মরণ করতে গিয়ে প্রকাশ্য জনসভায় কেঁদে ফেললেন এই অভিনেত্রী। প্রাক্তন সমাজবাদী পার্টি সাংসদ জয়াপ্রদার অভিযোগ, এক সময় তাঁর উপর অ্যাসিড হামলার চেষ্টা করেছিলেন আজম খান। সেই কারণেই তিনি রামপুর ছাড়তে বাধ্য হয়েছিলেন।
কাঁদতে কাঁদতেই এ দাবি করলেন লোকসভা ভোটে রামপুরের বিজেপি প্রার্থী জয়প্রদার। এ খবর দিয়েছে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা। ২০০৪ সালে সমাজবাদী পার্টির টিকিটে উত্তরপ্রদেশের রামপুর কেন্দ্র থেকে প্রথম সাংসদ হন জয়াপ্রদা। পরের বার ২০০৯ সালেও মুলায়মের দলের হয়েই রামপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন।
কিন্তু পরের বছর ২০১০ সালে দলবিরোধী কাজের অভিযোগ তুলে তাঁকে বহিষ্কার করে দল। জয়াপ্রদা ছিলেন অমর সিংহ ঘনিষ্ঠ। অমর সিংহ ধীরে ধীরে দলে কোণঠাসা হয়ে পড়তেই অভিনেত্রী সাংসদকে বরখাস্ত করে দল। রাজনৈতিক শিবিরের মতে, এই বহিষ্কারের ক্ষেত্রেও আজম খান গোষ্ঠী ছিল অন্যতম। মাঝে ২০১৪ সালে অজিত সিংহর রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-এর টিকিটে বিজনৌর কেন্দ্র থেকে দাঁড়ালেও হেরে যান জয়াপ্রদা। এর পর সম্প্রতি বিজেপিতে যোগ দিয়ে এ বার লোকসভা ভোটে ফের রামপুরেই প্রার্থী হয়েছেন জয়াপ্রদা। বুধবার মনোনয়ন জমা দেওয়ার পর জোর কদমে নেমে পড়েছেন প্রচারেও। বুধবারই ছিল রামপুরে একটি নির্বাচনী প্রচার সভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে পুরনো দিনের কথা স্মরণ করছিলেন জয়াপ্রদা।
এসময় আবেগ ধরে রাখতে পারেননি জয়া। বক্তৃতা থামিয়ে দিয়ে মাথা নিচু করে বেশ কিছুক্ষণ নীরব ছিলেন তিনি। এক জন জলের বোতলও এগিয়ে দেন। খানিকক্ষণ পর কিছুটা সামলে নিয়ে ফের বক্তৃতা শুরু করেন।

