মধ্যস্থতার প্রস্তাব নিয়ে মোদিকে পুতিনের ফোন

ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপনে তৎপর হতে দেখা যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে। এরই মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। একই প্রস্তাব দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রথম শুনিয়েছেন আশার বাণী। তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানের তরফ থেকে ভাল খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা দেন, আজ শুক্রবার তিনি মুক্ত করে দেবেন আটক ভারতের পাইলট অভিনন্দনকে। এর ফলে পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ দুটির মধ্যে সৃষ্ট উত্তেজনা হ্রাস পাওয়ার লক্ষণ ফুটে উঠেছে। তবে দুই দেশের সেনাবাহিনীই রয়েছে সতর্ক অবস্থায়। এ অবস্থায় মধ্যস্থতা করার প্রস্তাব দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দেশ পারমাণবিক শক্তিধর এই দেশ দুটির মধ্যে উত্তেজনা লাঘবে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে। শান্তির লক্ষ্যে ভারতীয় আটক পাইলটকে মুক্তি দেয়ার ঘোষণা দেয়ার পরই চারদিক থেকে এমন প্রস্তাব আসছে। নরেন্দ্র মোদিকে ফোন করে পুতিন বলেছেন, তিনি আশা করেন উত্তপ্ত পরিস্থিতি দ্রুতই সমাধান হবে। এ কথা বলা হয়েছে ক্রেমলিনের এক বিবৃতিতে। এ সময়ে দুই নেতাই ভবিষ্যতে তাদের সামরিক ও প্রযুক্তি বিষয়ক সম্পর্ক আরো জোরদারের আগ্রহ ব্যক্ত করেন।
এখানে উল্লেখ্য, বিশেষ করে রাশিয়ার সঙ্গে ভারতের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। কারণ, রাশিয়ার কাছ থেকে বিশাল অংকের সামরিক সরঞ্জামের ক্রেতা ভারত। তবে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতো উষ্ণ রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.