আন্তর্জাতিক কলকাতা বইমেলার ৪৩ তম আসর বসবে আগামী ৩১ জানুয়ারি। এবারের বইমেলায় ৩৬শ’ বর্গফুট জায়গা জুড়ে বাংলাদেশ প্যাভিলিয়নের থিম ঢাকার রোজ গার্ডেন। মোট ৪২টি স্টলে আটটি সরকারি ও ৩৪টি বেসরকারি স্টল থাকছে বাংলাদেশ প্যাভিলিয়নে।
মেলায় ১০ ফেব্রুয়ারি বাংলা সাহিত্য ও বঙ্গবন্ধু শিরোনামে উদযাপন হবে বাংলাদেশ দিবস। ওইদিন উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এছাড়াও প্রতিবারেও মতো উপস্থিত থাকবেন বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন সরকারি সচিবরা। প্রতিমন্ত্রী ছাড়া এখনও সম্পূর্ণ নামের তালিকা ঠিক হয়নি এমনই জানালেন বাংলাদেশ উপ-দূতাবাস প্রধান তৌফিক হাসান।
এছাড়া সোমবার (২১ জানুয়ারি) বইমেলার মূল আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। সেখানে উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়, ৩০ তারিখের বদলে একদিন পিছিয়ে ৩১ জানুয়ারি বইমেলা শুরু হবে এবং এই বইমেলা চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। গত বছরের মতো এবারও সল্ট লেকের সেন্ট্রালপার্ক প্রাঙ্গণে বসবে মেলা। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। এবারের বইমেলার মূল থিম কান্ট্রি দক্ষিণ আমেরিকার দেশ গুয়াতেমালা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধন করবেন।

