অপরাধবোধ থেকেই ভাষণে প্রধানমন্ত্রী জয়-পরাজয়ের ব্যাখ্যা দিয়েছেনঃ ফখরুল

জাতীয় উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অপরাধবোধ থেকেই ভাষণে প্রধানমন্ত্রী জয়-পরাজয়ের ব্যাখ্যা দিয়েছেন।

আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানাতেই এই সম্মেলন।

মির্জা ফখরুল বলেন, একাদশ নির্বাচন নিয়ে যে সব কথা এসেছে, যে সব রিপোর্ট এসেছে তাতে করে প্রমাণিত হয়ে গেছে যে, এটা কোনো নির্বাচনই হয়নি। নির্বাচনের নামে জাতির সঙ্গে কঠিন তামাশা করা হয়েছে।

পুননির্বাচনের দাবি পুনব্যর্ক্ত করে তিনি বলেন, দেশের সব সচেতন মানুষ মনে করে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। ঐক্যফ্রন্ট-বিএনপিসহ আমাদের জোট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছি। পুনরায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দাবি করছি, যে নির্বাচনে জনগণ তাদের ভোট দিতে পারবে, জগণের সরকার প্রতিষ্ঠা হবে।

৩০ ডিসেম্বরের ভোটে রাষ্ট্রকে জনগণের প্রতিপক্ষ করা হয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, এই নির্বাচনের ফলে রাষ্ট্রের উপর জনগণের আস্থা বিনষ্ট হয়ে গেছে। রাষ্ট্রযন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন এজেন্সিগুলোকে ব্যবহার করা হয়েছে। সামগ্রিকভাবে জনগণের প্রতিপক্ষ হিসেবে নামিয়ে দেয়া হয়েছে রাষ্ট্রকে।এই কাজটি আওয়ামী লীগই করেছে।

নির্বাচন কমিশনের উপর মানুষের বিন্দুমাত্র আস্থা নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচনের ফলে নির্বাচনের অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটির উপরই মানুষের আস্থা চলে গেছে। এই নির্বাচনের ফলে নির্বাচন কমিশনের উপর আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.