হাবিবুর রহমান হাবিব গুরুতর আহত

পাবনা-৫ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ (২৬ ডিসেম্বর) ঈশ্বরদীতে নিজ নির্বাচনী এলাকায় তার ওপর এই হামলা চালানো হয়।

সর্বশেষ সংবাদ অনুযায়ী, হাবিবুর রহমান হাবিবের শরীর থেকে থেকে আশঙ্কাজনকভাবে রক্তক্ষরণ হচ্ছে। তাকে ঈশ্বরদী হাসপাতাল থেকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। এই মুহূর্তে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। ‘হেলিকপ্টারে করে ঢাকায় আনার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে’ বলে জানায় স্থানীয় বিএনপির একটি সূত্র।

হাবিবুর রহমান হাবিবের ভাগনে সুমন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আজ ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী পথসভা করার কথা ছিলো। সে উপলক্ষে বেলা পৌনে ১২টার দিকে তিনি আলহাজ স্কুল মাঠে জমায়েত হলে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে তমাল তার লোকজন নিয়ে প্রকাশ্যে গুলি করতে করতে এসে তাদের ওপর হামলা চালায়। এতে বিএনপির ১০/১৫ নেতাকর্মী আহত হয়েছেন।”

এসময় ধারালো রামদা দিয়ে হাবিবুর রহমান হাবিবকে কোপানো হয় বলে জানান সুমন। এতে হাবিবের শরীরে বেশ কয়েকটি গভীর ক্ষত তৈরি হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

সুমন জানান, সেখান থেকে উদ্ধার করে হাবিবকে প্রথমে ঈশ্বরদী জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এখন পাবনা সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে আহত হাবিবকে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকি বলেন, এ ঘটনায় জড়িত থাকার দায়ে ঘটনাস্থল থেকে আট ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সুত্র :  দ্য ডেইলি স্টার অনলাইন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.